সিইসি নিয়ে বিএনপির অভিযোগ চাপ সৃষ্টির জন্য: নাসিম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাপ সৃষ্টির জন্য নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়ে বিএনপি নানা কথা বলছে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। 

আজ বুধবার বিকেলে নগরের সার্কিট হাউসের সম্মেলনকক্ষে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই মন্তব্য করেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, মেডিকেল কলেজের অধ্যক্ষ, হাসপাতালের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
নাসিম বলেন, ‘নির্বাচন কমিশনে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে তাঁরা দক্ষ ও অভিজ্ঞ। আইন মেনেই তাঁরা কাজ করবেন। আমার আশা, সকলে নির্বাচনে আসবে। জনগণের রায় মেনে নেবে।’
চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘যে দলের অর্থমন্ত্রী হোক না কেন তাদের কাছ থেকে অর্থ ছাড় করানো কঠিন বিষয়। আমরা সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে ১১ হাজার শয্যার জন্য অর্থ বরাদ্দ পেয়েছি। আমরা ১০ হাজার নার্স পেয়েছি। কিন্তু আমাদের অনেক সংকট রয়েছে। তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নেই।’
নাসিম বলেন, অনেক চিকিৎসক উপজেলা পর্যায়ে দুই বছর কাজ করে জেলা শহরে কিংবা ঢাকায় উচ্চতর ডিগ্রির জন্য চলে যান। চিকিৎসকদের সেবা দিতে হবে। নিরলসভাবে কাজ করে যেতে হবে।
স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলাম বলেন, ‘আমরা মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা নিয়ে যেতে পেরেছি। কিন্তু সীমাবদ্ধতা সত্ত্বেও সকল ক্ষেত্রে সার্বিকভাবে সেবা দিতে পারি না বলে অভিযোগ ওঠে। দেশে ৭৩ উপজেলা আছে যেখানে চারজনের কম ডাক্তার আছে।’
প্রত্যন্ত অঞ্চলের জন্য এক বা দুই বছরের নির্ধারিত চাকরির সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত বলে সচিব মন্তব্য করেন।
সভায় আরও বক্তব্য দেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আলাউদ্দিন মজুমদার, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, বিএমএ সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী প্রমুখ।