সিইসিকে জেলে পচে মরতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদ বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ ও অন্য কমিশনারদের রেহাই নেই। তাদের জেলে পচে মরতে হবে। আওয়ামী লীগ কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থেকে তাদের রক্ষা করতে পারবে না। ভোট ডাকাতির কারণে তাদের বিচারের সম্মুখীন হতেই হবে।

আজ বুধবার মহাখালীর ডিওএইচএসে তাঁর বাসভবনে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে অলি আহমদ এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সিইসি একজন মেরুদণ্ডহীন লোক। তাকে আমি চিনি ১৯৭২ সাল থেকে। তার জীবনে কোনো সফলতা নেই। সে ভিতু ও কাপুরুষ। ১৯৭২ সালে কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) থাকাকালে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সে রাতের আঁধারে পালিয়েছিল।

এলডিপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সব বেইমান, মীরজাফর ও স্বৈরাচার এখন এক হয়েছে। শেখ হাসিনা, এইচ এম এরশাদ, হাসানুল হক ইনু ও কাজী রকিবউদ্দীন আহমদের মতো বেইমানের হাতে দেশের মানুষ আজ বন্দী। মানুষের সাংবিধানিক অধিকার এখন ভূলুণ্ঠিত।

অলি আহমদ বলেন, দেশের জনগণ আজ ঐক্যবদ্ধ। এসব বেইমান, মীরজাফর ও স্বৈরাচারদের বাংলাদেশের মাটি থেকে বিদায় নিতেই হবে। সাধারণ জনগণকে জিম্মি করে কখনোই ক্ষমতায় টিকে থাকা যায় না। অতীতেও কেউ পারেনি, এরাও পারবে না।

অনুষ্ঠানে এলডিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি এম এম খালেদ সাইফুল্লাহ, যুগ্ম মহাসচিব তমিজ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইব্রাহীম রওনক, সালাহউদ্দীন রাজ্জাক, প্রচার সম্পাদক বিল্লাল হোসেন মিয়াজী, তথ্য ও গবেষণা সম্পাদক উপাধ্যক্ষ মাহবুবুর রহমান, যুববিষয়ক সম্পাদক সফিউল বারী প্রমুখ উপস্থিত ছিলেন।