সিইসিকে নিয়ে বিএনপির অভিযোগ চাপ সৃষ্টির জন্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাপ সৃষ্টির জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) নিয়ে বিএনপি নানা কথা বলছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। তাঁর আশা, আগামী নির্বাচনে সব দল আসবে।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলনকক্ষে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন-বিষয়ক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব মো. সিরাজুল ইসলাম। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, বিভিন্ন মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হাসপাতালের পরিচালকেরা উপস্থিত ছিলেন।
পরে সিইসি নিয়ে বিএনপির অভিযোগ সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশনে যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে তাঁরা দক্ষ ও অভিজ্ঞ। আইন মেনেই তাঁরা কাজ করবেন।
এর আগে সভায় চিকিৎসকদের উদ্দেশে মন্ত্রী বলেন, অর্থমন্ত্রীর কাছ থেকে অর্থ ছাড় করানো কঠিন বিষয়। সম্প্রতি অর্থ মন্ত্রণালয় থেকে ১১ হাজার শয্যার জন্য অর্থ বরাদ্দ পাওয়া গেছে। ১০ হাজার নার্স নিয়াগ দেওয়া হয়েছে। কিন্তু এখনো অনেক সংকট রয়েছে। তিনি বলেন, অনেক চিকিৎসক উপজেলা পর্যায়ে দুই বছর কাজ করে জেলা শহরে কিংবা ঢাকায় উচ্চতর ডিগ্রির জন্য চলে যান। চিকিৎসকদের সেবা দিতে হবে। নিরলসভাবে কাজ করে যেতে হবে।
শিশু ও মাতৃ মৃত্যুহার কমেছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যক্ষেত্রে দেশ এগিয়ে যাচ্ছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হচ্ছে। চট্টগ্রামে একটি ক্যানসার হাসপাতাল করার চিন্তাও রয়েছে। চট্টগ্রামে মেডিকেল বিশ্ববিদ্যালয় করার যে প্রতিশ্রুতি ছিল তা পূরণ হচ্ছে। ফৌজদারহাটে এই বিশ্ববিদ্যালয় হবে। শিগগিরই উপাচার্যও নিয়োগ দেওয়া হবে।
স্বাস্থ্যসচিব সিরাজুল ইসলাম বলেন, ৭৩টি উপজেলা আছে যেখানে চারজনের কম চিকিৎসক আছেন। হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি খুব জরুরি। এ জন্য অনেকে অজুহাত তোলেন। কোনো অজুহাত শোনা হবে না।
সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মো. আলাউদ্দিন মজুমদার, চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জালাল উদ্দিনসহ বিভিন্ন হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সিভিল সার্জনেরা।
সভায় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ, বিএমএ (বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন) চট্টগ্রামের সভাপতি মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ফয়সল ইকবাল চৌধুরী প্রমুখ।
এদিকে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধনের দাবিতে আন্দোলনরত ইউএসটিসির বিভিন্ন ব্যাচের কয়েক শ শিক্ষার্থী গতকাল দুপুরে স্বাস্থ্যমন্ত্রীকে স্মারকলিপি দিতে সার্কিট হাউসের বাইরে জড়ো হন। এ সময় তাঁরা নিবন্ধনের দাবিতে ব্যানার-ফেস্টুন নিয়ে স্লোগান দেন। অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে পুলিশ মোতায়েন ছিল।
বেলা ৩টা ১০ মিনিটের দিকে মন্ত্রীর গাড়ি সার্কিট হাউসে ঢোকে। এ সময় কিছু শিক্ষার্থী সার্কিট হাউসে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে শিক্ষার্থীদের কয়েকজন প্রতিনিধি পুলিশের সঙ্গে গিয়ে মন্ত্রীর ব্যক্তিগত সহকারীর হাতে স্মারকলিপিটি দেন। স্মারকলিপিতে বলা হয়, ইউএসটিসির ২৫ থেকে ২৯তম ব্যাচ পর্যন্ত শিক্ষার্থীরা চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছে। কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে ইউএসটিসি অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করিয়েছে। এখন তাঁদের শিক্ষাজীবন হুমকিতে পড়েছে।