সিইসির কর্মকাণ্ড 'ভাঁড়ের' পর্যায়ে গেছে: রিজভী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদের (ইউপি) চতুর্থ ধাপের নির্বাচন সুষ্ঠু হয়েছে দাবি করায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সিইসির বক্তব্য ও কর্মকাণ্ড একেবারে ভাঁড়ের পর্যায়ে চলে গেছে।
গতকাল রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।
গত শনিবার চতুর্থ ধাপের ইউপি নির্বাচন শেষে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেছিলেন, এ নির্বাচনে সহিংসতা ও ভোট কারচুপির যেসব ঘটনা ঘটেছে, তাতে মনে হয় না নির্বাচন কমিশন পিছিয়ে পড়েছে।
সিইসির এই বক্তব্যের সমালোচনা করে রিজভী বলেন, ‘কাজী রকিবউদ্দীন দেশে উচ্চ কর্মকর্তা ছিলেন, নিশ্চয়ই মেধাবী ছিলেন, আর সেই কারণে সিভিল সার্ভিসে তিনি উত্তীর্ণ হয়েছেন। কিন্তু এখন তাঁর বক্তব্য ও কর্মকাণ্ড একেবারেই ভাঁড়ের পর্যায়ে উপনীত হয়েছে। নির্বাচনী ব্যবস্থার বিকৃত স্বাস্থ্য বর্ধনে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার যে ভূমিকা রেখেছেন তা ইতিহাসে কালিমালিপ্ত কলঙ্কিত অধ্যায় হিসেবেই বিবেচিত হবে।’ তিনি বলেন, ‘ইউপি নির্বাচন নিয়ে এখন পর্যন্ত ৭৯ জন মানুষের প্রাণ ঝরে গেছে। অথচ রকিবউদ্দীন সাহেব এটাকে পানিভাত মনে করছেন।’
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ: আজ সোমবার দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রাত সাড়ে আটটায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপির সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে এ তথ্য জানান।