সিইসির বক্তব্য আ.লীগের মুখপাত্রের মতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার বক্তব্য আওয়ামী লীগের মুখপাত্রের মতো। এ রকম ব্যক্তির পক্ষে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা কীভাবে সম্ভব হবে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী এ কথা বলেন। ‘জাতীয় সংসদের নির্বাচন নির্বাচিত সরকারের অধীনে হওয়া উচিত’—নতুন সিইসির এ মন্তব্যের উল্লেখ করে রিজভী বলেন, নতুন সিইসি জনতার মঞ্চের একজন সংগঠক ছিলেন। উনি আওয়ামী লীগের মুখপাত্রের মতোই কথা বলছেন, বলবেন—এটাই স্বাভাবিক। এ রকম ব্যক্তির পক্ষে নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করা কীভাবে সম্ভব হবে।

রমনার মৎস্য ভবন এলাকায় গতকাল সকালে বিএনপির নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটা ও গ্রেপ্তারের প্রতিবাদে এই সংবাদ সম্মেলন করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলায় খালেদা জিয়ার আদালতে হাজিরার দিনে বিপুলসংখ্যক নেতা-কর্মী সেখানে উপস্থিত হলে পুলিশ হামলা চালায় বলে অভিযোগ করা হয়।

রিজভী গ্রেপ্তার করা নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান।