সিইসির সঙ্গে দেখা করে নিরাপত্তা দাবি স্বপনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জহির উদ্দিন স্বপন
জহির উদ্দিন স্বপন

প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে গতকাল সোমবার দেখা করেছেন বরিশাল-১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন। সাবেক এই সাংসদ তাঁর নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নিতে সিইসির প্রতি আহ্বান জানান।

প্রাণনাশের হুমকির কারণে নিজের নির্বাচনী এলাকায় যেতে না পারার কথা সিইসিকে বলেছেন জহির উদ্দিন। একই সঙ্গে তাঁর অনুসারী নেতা–কর্মীরা প্রতিপক্ষের হুমকির কারণে এলাকায় থাকতে পারছেন না বলেও সিইসিকে জানিয়েছেন তিনি। বিভিন্ন অভিযোগসহ একটি চিঠি নির্বাচন কমিশনে (ইসি) দিয়েছেন তিনি।

ইসি সূত্র জানায়, বিএনপি নেতা স্বপনকে আশ্বস্ত করে সিইসি কে এম নুরুল হুদা বলেছেন, সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা নেবে ইসি।

সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে জহির উদ্দিন সাংবাদিকদের বলেন, গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান বিভিন্ন সভা–সমাবেশে তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রকাশ্যে হুমকি দিয়ে আসছেন। বিভিন্ন জাতীয় দৈনিকে এ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।