সিইসিরও বিচার হবে: অলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলডিপি সভাপতি অলি আহমদ বলেছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দিন আহমদেরও বিচার হবে। কারণ, তিনি জনগণের ভোটাধিকার নষ্ট করেছেন। তাঁর কোনো ক্ষমা নেই।

আজ রোববার সকালে চট্টগ্রাম নগরের লালদীঘি এলাকায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে অলি আহমদ এ কথা বলেন। সংবাদ সম্মেলনে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, বিএনপির চট্টগ্রাম মহানগর শাখার সহসভাপতি আবু সুফিয়ান, এলডিপি নেতা কফিল উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অলি আহমদ অভিযোগ করেন, ‘বর্তমান সিইসি কাজী রকিবকে আমি ১৯৭২ সাল থেকে চিনি। তাঁর কোনো মেরুদণ্ড নেই। একজন মেরুদণ্ডহীন মানুষের কারণে দেশের মানুষ ভোটাধিকার হারিয়েছে। শুধু বেতন, পদ ও গাড়ির লোভে তিনি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে হুমকির মধ্যে ফেলেছেন। ভোটের পরিবেশ নষ্ট করে দিয়েছেন। যুদ্ধাপরাধীর চেয়ে তিনিও কম অপরাধী নন। এ জন্যে তাঁর ট্রায়াল হবে।’

এই ধরনের নির্বাচনের জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি—মন্তব্য করে এলডিপির সভাপতির অভিযোগ, ‘আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থার দিকে ফিরে যাচ্ছে। এ জন্য তাঁরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। জনগণের ভোটের অধিকার নষ্ট করেছে। একদিন আওয়ামী লীগকেও জবাব দিতে হবে।’

এবারের পৌরসভা নির্বাচনে চট্টগ্রামে নিজ নির্বাচনী এলাকা চন্দনাইশে ভাতিজা আইয়ুব কুতুবীকে প্রার্থী করেছিলেন অলি আহমদ। সেখানে তাঁর ভাতিজা হেরে যান। তিনি চন্দনাইশ পৌরসভায় ১৬টির মধ্যে ১৩টি কেন্দ্র দখলের অভিযোগ তোলেন।