সিঙ্গাইরে বিএনপির মেয়র প্রার্থী বিজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপি প্রার্থী খোরশেদ আলম ভূঁইয়া নির্বাচিত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোট শেষে রাতে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

ভোটার তালিকা ত্রুটিপূর্ণ থাকার অভিযোগে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ১ ডিসেম্বর সিঙ্গাইর পৌরসভার নির্বাচন স্থগিতের আদেশ দেন। পরে রাষ্ট্রপক্ষের আপিল আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট ৮ ডিসেম্বর হাইকোর্টের ওই আদেশ স্থগিত করেন। এরপর নির্বাচন কমিশন এ পৌরসভা নির্বাচনের পুনঃ তফসিল ঘোষণা করেন। তফশিল অনুযায়ী আজ ভোটগ্রহণ হয়।

নির্বাচনে ধানের শিষ প্রতীক নিয়ে খোরশেদ আলম ভূঁইয়া ছয় হাজার ৮৭৬ ভোট পান। জগ প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী মীর মো. শাহজাহান পান চার হাজার ৮২৮ ভোট। আওয়ামী লীগের আবু নাঈম মো. বাশার পেয়েছেন তিন হাজার ৩৭৯ ভোট।

খোরশেদ আলম ভূঁইয়া সিঙ্গাইর উপজেলা যুবদলের সভাপতি এবং বর্তমান মেয়র। শাহজাহান ও বাশার দুজনই উপজেলা আওয়ামী লীগের সদস্য।

পৌরসভায় মোট ভোটার ২০ হাজার ১৪ জন। সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। তবে ৩ জানুয়ারি ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জামাল উদ্দিন ব্যাপারী হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় ওই কেন্দ্রের সাধারণ কাউন্সিলর পদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।