সিঙ্গাপুর থেকে নিউইয়র্কের পথে ফখরুল

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে যাচ্ছেন। আজ রাত পৌনে ১১টার দিকে তিনি সিঙ্গাপুর থেকে রওনা হয়েছেন। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান প্রথম আলোকে এ কথা জানান।
মির্জা ফখরুল ইসলাম গত রোববার রাতে ঢাকা থেকে সিঙ্গাপুর যান। গত ১৪ জুলাই ছয় মাসের বেশি সময় কারাভোগের পর তিনি মুক্তি পান। মুক্তি পেয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) মির্জা ফখরুল সাংবাদিকদের বলেছিলেন, তিনি অসুস্থ। খুব শিগগিরই চিকিৎসার জন্য দেশের বাইরে যাবেন। ছয় মাসে তাঁর ১২ কেজি ওজন কমেছে বলেও জানিয়েছিলেন তিনি।
এ বছরের ৫ জানুয়ারির ‘একতরফা’ সংসদ নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র চলতি বছরের ৬ জানুয়ারি বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের আন্দোলন কর্মসূচি শুরুর প্রথম দিনে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে পুলিশ। কারাগারে থাকার সময় অসুস্থ হয়ে পড়লে প্রায় এক মাস তিনি বিএসএমএমইউর প্রিজন সেলে চিকিৎসাধীন ছিলেন।