সিটি নির্বাচন তামাশা ছাড়া কিছু নয়: ২০-দল
আন্দোলনের গতিধারাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে সরকার ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। তাদের ভাষায়, ‘৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার ব্যবস্থায় আরেকটি প্রতারণামূলক নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে নির্বাচন কমিশন তথা সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশনকে দিয়ে যে তিনটি সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা করা হয়েছে, তা গোটা দেশবাসীর ইচ্ছার সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।’
আজ বুধবার বিকেলে ২০-দলীয় জোটের পক্ষে এক বিবৃতিতে এসব কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ। সিটি নির্বাচন নিয়ে এই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিল বিএনপি-জোট। নির্বাচনে যাওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব থাকলেও বিবৃতিতে নির্বাচন প্রশ্নে জোটের নেতিবাচক মনোভাব ফুটে উঠেছে।
এই বিবৃতি দেওয়ার আগে আজ বিকেলে বিএনপি-সমর্থক কয়েকজন বিশিষ্ট নাগরিক নির্বাচন কমিশনে গিয়েছিলেন। তাঁরা মনোনয়ন জমা দেওয়ার সময় বাড়ানোর পাশাপাশি কয়েকটি বিষয়ে কমিশনকে অনুরোধ করেন। এর আগে বিএনপির সূত্র প্রথম আলোকে জানিয়েছিল, তাঁরা সরকারের মনোভাব বুঝতে চাইছেন। এর অংশ হিসেবে বিশিষ্ট নাগরিকেরা কমিশনে যান।
জোটের বিবৃতিতে নির্বাচন কমিশনেরও কঠোর সমালোচনা করা হয়। তাতে বলা হয়, ‘সাংবিধানিক বাধ্যবাধকতা ডিঙিয়ে যে দেশে কোনো সংস্থা নির্বাচন কমিশনকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের সময় নির্ধারণ করে দিতে পারে সে দেশের নির্বাচন কমিশন কতটুকু স্বাধীন, নিরপেক্ষ ও ÿক্ষমতাবান হতে পারে তা বুঝতে মহাজ্ঞানী হওয়ার প্রয়োজন নেই। নির্বাচনের তারিখ ঘোষণা করে বিএনপিসহ অন্যান্য দলকে নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানানো হলেও নির্বাচনে সুষ্ঠু ও শান্তিময় পরিবেশ নিশ্চিতের কোনো লক্ষণ এখনো পর্যন্ত দৃশ্যমান নয়।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘সব দল, নগরবাসী তথা দেশবাসীর নিকট সিটি করপোরেশন নির্বাচন গ্রহণযোগ্য করার মতো ইচ্ছা নির্বাচন কমিশনের থাকলে তড়িঘড়ি করে পুলিশ মহাপরিদর্শকের পরামর্শে এপ্রিল মাসেই নির্বাচন অনুষ্ঠানের তফসিল ঘোষণা করা হতো না। নির্বাচন কমিশন ঠুঁটো জগন্নাথ বলেই আজ কোনো প্রার্থীই নির্বাচনী আচরণবিধি তোয়াক্কা করছে না। নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে কোনো নাগরিক সমাজ, বুদ্ধিজীবী বা সুশীল সমাজের সঙ্গে পরামর্শ করা হয়নি। সরকারের নীল নকশা অনুযায়ী তফসিল ঘোষণা করে ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার ব্যবস্থায় আরেকটি প্রতারণামূলক নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছে নির্বাচন কমিশন তথা সরকার। আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে যে তিনটি সিটি করপোরেশন নির্বাচন ঘোষণা করা হয়েছে তা গোটা দেশবাসীর ইচ্ছার সঙ্গে তামাশা ছাড়া আর কিছুই নয়।’
বিবৃতিতে আবারও কঠোর কর্মসূচি দেওয়ার হুমকি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘দাবি আদায় না হওয়া পর্যন্ত চলমান অবরোধ কর্মসূচির পাশাপাশি আগামীতে দেশবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে ২০ দলীয় জোট দৃঢ় সংকল্পবদ্ধ। ২০ দলীয় জোট আশা করে সরকারের শুভচেতনা ও শুভবুদ্ধির উদয় হবে।’