সিটি নির্বাচন থেকে মান্নাকে দূরে রেখেছে সরকার
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে অংশ নিতে না পারার পেছনে সরকারের হাত রয়েছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।
৭ এপ্রিল রাতে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সভায় এই অভিযোগ করা হয়। গতকাল বুধবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির সদস্য আতিকুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে সভার তথ্য জানানো হয়।
সভায় নেতারা বলেন, সরকার শুরু থেকেই সিটি নির্বাচনকে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। ঢাকা উত্তরের সম্ভাবনাময় মেয়র প্রার্থী মাহমুদুর রহমান মান্নাকে নির্বাচনের আগে আটক করা এর প্রমাণ। মান্না কারাগারে আটক অবস্থায় যাতে নির্বাচনের মাঠে নামতে না পারেন সে বিষয়েও ক্ষমতাসীন দলের হাত কাজ করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে নির্বাচন কমিশনের মেরুদণ্ডহীন ভূমিকা। ক্ষমতাসীন দল আচরণবিধি লঙ্ঘন করলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না। ফলে সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু হবে, এমন ভরসা রাখা কঠিন হয়ে পড়েছে।
সভায় অভিযোগ করা হয়, মান্নাকে শুধু সিটি নির্বাচন থেকেই বাইরে রাখা হয়নি, রিমান্ডের নামে আটকে রেখে তাঁকে শারীরিকভাবে পঙ্গু করতে চাইছে। অযথা সময় ক্ষেপণের পর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ অবস্থায় মান্নার উন্নত চিকিৎসা নিশ্চিত করা এবং তাঁকে হয়রানি-নির্যাতন বন্ধ করার দাবি জানানো হয়। একই সঙ্গে মান্নার মুক্তির দাবিতে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।