সিটি নির্বাচন নিয়ে সন্দিহান বি. চৌধুরী

সিটি করপোরেশন নির্বাচন আসলেই হবে কি না, হলেও তা সুষ্ঠু হবে কি না-তা নিয়ে সন্দিহান বিকল্প ধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আজ সোমবার সাংবাদিকদের কাছে এই সংশয়ের কথা জানান তিনি।
সকালে বিএনপির ‘নিখোঁজ’ যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদের বাসায় যান বি চৌধুরী। সেখান থেকে বের হয়ে তিনি সাংবাদিকদের বলেন, সালাহ উদ্দিনকে খুঁজে বের করা সরকারের দায়িত্ব। সরকার সে দায়িত্ব পালনে ব্যর্থতার পরিচয় দিয়েছে। সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজ’ হওয়ার ঘটনা দেশের রাজনীতিতে অপদৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেন তিনি।
আসন্ন সিটি করপোরেশন নির্বাচন বিষয়ক এক প্রশ্নের জবাবে বি চৌধুরী বলেন, ‘শেষ পর্যন্ত নির্বাচন হবে কি না, এ সম্পর্কে আমার এখনো সংশয় আছে। আর যদি হয়ও, সেটা কতখানি নিরপেক্ষ হবে, তা নিয়ে আমাদের পূর্বের তিক্ত অভিজ্ঞতা আছে। এর বেশি কিছু বলতে চাই না।’
সুষ্ঠু, ভালো নির্বাচন দিতে বি চৌধুরী সরকারের প্রতি আহ্বান জানান।
সালাহ উদ্দিন আহমেদের স্ত্রী হাসিনা আহমেদ ও পরিবারের সদস্যদের সহানুভূতি জানান বি চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন তাঁর ছেলে মাহি বি. চৌধুরী। হাসিনা আহমেদ আবার দাবি করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাই তাঁর স্বামীকে তুলে নিয়ে গেছে।