সিটি নির্বাচন সুষ্ঠু করতে সরকারের উদ্যোগ চায় ২০ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আসন্ন তিন সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ করতে সরকার ও নির্বাচন কমিশনের ‘যথাযথ উদ্যোগ’ আশা করছে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে জোট বলেছে, নির্বাচনে সরকার দস্যুবৃত্তি করলে এবং নির্বাচন কমিশন এতে সহযোগিতা করলে জাতি ক্ষমা করবে না।
আজ সোমবার এক বিবৃতিতে জোটের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ এসব কথা বলেন।
বিবৃতিতে বলা হয়, জাতির প্রত্যাশা, সিটি করপোরেশন নির্বাচনকে অর্থবহ ও গ্রহণযোগ্য করতে সরকার সচেষ্ট হবে, সালাহ উদ্দিনসহ গুম হওয়া সব বিরোধী নেতা-কর্মীকে ফিরিয়ে দেবে এবং কারাবন্দী নেতা-কর্মীদের মুক্তি দিয়ে ও হামলা-মামলা বন্ধ করে দেশে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনবে।
বিবৃতিতে অভিযোগ করা হয়, প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা দাপটের সঙ্গে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছে। পক্ষান্তরে বিরোধী প্রার্থীদের বেলায় প্রচারণা চালানোর নিম্নতম সুযোগও দেওয়া হচ্ছে না। পাশাপাশি বিরোধী প্রার্থী ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। মন্ত্রী, এমপি ও আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তিদের কঠোর হুঁশিয়ারি নির্বাচনী পরিবেশকে পক্ষপাতদুষ্ট ও আতঙ্কগ্রস্ত করে তুলেছে।
বিবৃতিতে বলা হয়, বর্তমান অবৈধ সরকারের অধীনে কোনো নির্বাচনই যে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হতে পারে না, তার আরেকটি নজির মিলেছে গতকাল ফরিদপুর ও চাঁদপুরের পৌর নির্বাচনে। বিবৃতিতে বলা হয়, ওই দুই এলাকায় ‘আওয়ামী সন্ত্রাসীরা’ কেন্দ্র দখল ও ব্যালট পেপার ছিনতাই করে এবং প্রকাশ্যে সিল মেরে ভোট জালিয়াতির মহোৎসব চালিয়েছে।