সিটি নির্বাচনে বিএনপি কৌশলগত কারণে প্রতিরোধ করেনি: আব্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা আব্বাস । ফাইল ছবি
মির্জা আব্বাস । ফাইল ছবি

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, গাজীপুর ও খুলনা সিটি নির্বাচনে সরকার কারচুপি করে বিজয়ী হয়েছে। তফসিল ঘোষণার পরপর বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার, হুমকি-ধমকি দিয়ে এলাকাছাড়া করেছে। বিএনপি কৌশলগত কারণে এসব প্রতিরোধ করেনি। ভবিষ্যতে প্রতিরোধ করা হবে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি হলে আজ শনিবার এক অনুষ্ঠানে মির্জা আব্বাস এসব কথা বলেন। বিভিন্ন সময় ‘আওয়ামী লীগ, পুলিশ-র‍্যাব’-এর দ্বারা গুম-খুন ও নির্যাতনের শিকার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী হেল্প সেল।

মির্জা আব্বাস বলেন, গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে নানা অনিয়মের অভিযোগ করলেও বিএনপি কৌশলগত কারণে কোনো প্রতিরোধ গড়েনি। তিনি আরও বলেন, ‘বিএনপির নির্বাচনে যাওয়া দরকার। আমিও তাদের সঙ্গে একমত। তবে বিএনপির নির্বাচনে যাওয়া দরকার, তার চেয়েও বেশি দরকার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করা। খালেদা জিয়া ছাড়া নির্বাচন গাজীপুর-খুলনা সিটি করপোরেশনের নির্বাচনের মতো হয়ে যাবে।’

সাবেক মন্ত্রী মির্জা আব্বাস বলেন, যাঁরা নির্বাচনে যেতে চান, তাঁরা আগে খালেদা জিয়াকে মুক্ত করার ব্যবস্থা করেন। খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনে যেতে হবে এবং তাতে বিএনপি বিজয়ী হবে, কেউ ঠেকাতে পারবে না। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে বিএনপি-ভীতি কাজ করছে। তারা খালেদা জিয়াকে ভয় পায়। আওয়ামী লীগ ভীতিগ্রস্ত তারেক রহমান কখন দেশে চলে আসেন। আওয়ামী লীগ বিষধর সাপ। তারা মনে করে, বাংলাদেশের সব মানুষ তাদের শত্রু। মানুষ তাদের শত্রু ছিল না। তাদের অপশাসন, দুর্নীতি আর লুটপাটের কারণে শত্রু হয়ে গেছে।

মির্জা আব্বাস বলেন, বিএনপি কোনো কাপুরুষের দল না। বিএনপি একজন মুক্তিযোদ্ধা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গড়া দল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ১৯৭১ সাল থেকে আন্দোলন-সংগ্রাম করে আসছেন। আর এ কারণেই সরকার প্রতিহিংসায় খালেদা জিয়া থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত বিএনপি নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে জেলে নিয়ে নির্যাতন করছে। সরকার এখন নাকি আবার বিএনপি নেতা-কর্মীদের লিস্ট করেছে। এসব লিস্ট দিয়ে কাজ হবে না। বিএনপির আন্দোলনে লিস্ট বাতাসে উড়ে যাবে।

আয়োজক সংগঠনের সদস্য আরাফাতুল রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী, সহস্বনির্ভরবিষয়ক সম্পাদক নিলুফার চৌধুরী, যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক গোলাম মওলা শাহীন প্রমুখ। এ সময় গুম-খুনের শিকার হয়েছেন এমন ব্যক্তিদের স্বজনেরা উপস্থিত ছিলেন।