সিটি নির্বাচনে হারলে কি মাথায় আকাশ ভেঙে পড়বে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে হারলে কি মাথায় আকাশ ভেঙে পড়বে? এই নির্বাচন নিয়ে কাউকে আন্দোলন করার সুযোগ দেওয়া হবে না।
ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের প্রার্থীর জনপ্রিয়তা, বর্তমান সরকারের উন্নয়নের জোয়ার এবং দলের সাংগঠনিক শক্তি। এই তিনটির সমন্বয়ে নারায়ণগঞ্জে নৌকার পাল্লাটাই ভারী। সেটা আমার মনে হয় সবাই স্বীকার করবে।’
গতকাল মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি বলেন, নারায়ণগঞ্জে মানুষ যাকে খুশি তাঁকে ভোট দেবেন। সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা করবে।
সাংসদ শামীম ওসমানের সঙ্গে আইভীর বিরোধের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে ওবায়দুল কাদের বলেন, ‘সেলিনা হায়াৎ আইভী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। শামীমকে তাঁর প্রতিদ্বন্দ্বী মনে করা হয়। কিন্তু শামীম সংবাদ সম্মেলন করে আইভীকে একটা শাড়িও উপহার দিয়েছেন। যে শাড়িটা পরে আইভী পরের দিন গণসংযোগ করেছেন। এখানে তো বলার কিছু থাকে না।’