
গত ২৮ এপ্রিলের তিন সিটি করপোরেশন নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগের একটি পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট তদন্ত না হওয়াকে ‘অত্যন্ত লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন। বাংলাদেশের মানুষের যে গণতন্ত্র প্রাপ্য তা নিশ্চিত করতে তিনি রাজনৈতিক দলসহ সব পক্ষকে উৎসাহিত করেছেন।
গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিকাব টক অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে রবার্ট গিবসন এ মন্তব্য করেন। ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিকাব) সভাপতি মাসুদ করিমের সঞ্চালনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক বশির আহমাদ।
যুক্তরাজ্যের হাইকমিশনার ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেওয়ায় বিএনপির সমালোচনা করেন। রবার্ট গিবসন বলেন, ‘বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। তবে সিদ্ধান্তটি ঠিক ছিল কি ভুল সেটি আমার জানা নেই।’
রবার্ট গিবসন বিশ্ব প্রেক্ষাপটে ‘আধুনিক স্বৈরতন্ত্র’কে নতুন চ্যালেঞ্জ হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, পৃথিবীজুড়ে আধুনিক স্বৈরতান্ত্রিক সরকারগুলো শুধু নির্বাহী বিভাগ ও আইনসভায় নয়, গণমাধ্যম, বিচারব্যবস্থা, নাগরিক সমাজ, অর্থনীতি ও নিরাপত্তা বাহিনীর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করে।
গিবসন বলেন, নির্বাচনে অন্যায় সুবিধা পেতে এলাকার বিভক্তি, পছন্দ অনুযায়ী নির্বাচন কমিশন বেছে নেওয়াসহ কিছু কারচুপির মাধ্যমে ফল নিজের অনুকূলে আনাটাকে স্বৈরতান্ত্রিক এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ মনে করে। বাংলাদেশে এ ধরনের পরিস্থিতি আছে কি না, জানতে চাইলে যুক্তরাজ্যের হাইকমিশনার উত্তর এড়িয়ে গেছেন।
সিটি করপোরেশন নির্বাচনের মূল্যায়ন করতে গিয়ে রবার্ট গিবসন বলেন, ‘ওই দিন সকালে (২৮ এপ্রিল) সকালে সহিংসতা ও প্রতিবন্ধকতার কোনো ইঙ্গিত ছিল না। এ জন্য ওই পরিস্থিতিকে আমি স্বাগত জানিয়েছিলাম। আমি চেয়েছিলাম, বাকিটা দিন এভাবেই যাক। তবে সেটি ঘটেনি। সকালের কিছু পরেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ ও প্রতিবন্ধকতার নজির পাওয়া গেছে। আমার প্রত্যাশা ছিল ওই প্রমাণের ভিত্তিতে এ নিয়ে একটি পূর্ণাঙ্গ ও সুস্পষ্ট তদন্ত হবে। তবে সেটি ঘটেনি। আমি মনে করি, এটি অত্যন্ত লজ্জার।’ হাইকমিশনার বলেন, ওই নির্বাচনকে কেউ চ্যালেঞ্জ করেনি এবং নির্বাচন কমিশনও ফল ঘোষণা করেছে।
বাংলাদেশের বিদ্যমান গণতন্ত্রকে তিনি কীভাবে দেখেন জানতে চাইলে রবার্ট গিবসন বলেন, ‘গণতন্ত্রকে সুরক্ষা হয় সংসদে। নির্বাচনে বিএনপির অংশ না নেওয়াটা দুর্ভাগ্যজনক। আমি জানি না, সেটি যৌক্তিক ছিল কি না।’ তিনি এটিও উল্লেখ করেন, বিএনপি নির্বাচনে অংশ নিলে এর ফল কী হতো তা কখনো জানা যাবে না। তবে বিএনপি আলোচনার প্রক্রিয়ায় থাকবে এমনটাই তিনি আশা প্রকাশ করেন। তাঁর মতে, দুর্নীতি এবং এ বছরের ৫ জানুয়ারির পর পরিস্থিতি বাংলাদেশে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করে।