চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় সিটি করপোরেশন নির্বাচনের প্রার্থিতা নিয়ে সরাসরি কোনো আলোচনা হয়নি। বৈঠক সূত্র এ কথা জানিয়েছে।
গতকাল মঙ্গলবার বিকেলে নগরের জেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।
সভায় মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে প্রার্থিতার ব্যাপারে ইঙ্গিত করে বলেন, ‘আপনাদের মনের মধ্যে অনেক কৌতূহল আছে। মহানগর আওয়ামী লীগের সবাই বসে এসব কৌতূহল অচিরেই সমাধান করবে।’ তিনি বলেন, ‘আমি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছি। ১৪ মার্চ দেশে ফিরে আসব। আপনারা আমার জন্য দোয়া করবেন।’
গতকাল রাতে মহিউদ্দিন চৌধুরীর সৌদি আরবে যাওয়ার কথা।
এর আগে গতকাল দুপুরে মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসভবনে মেজবানের আয়োজন করা হয়।
দলীয় সূত্র জানায়, আগামী জুনে অনুষ্ঠেয় চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মহিউদ্দিন চৌধুরী মেয়র প্রার্থী হতে আগ্রহী। ইতিমধ্যে স্থানীয় ১৪ দল তাঁকে প্রার্থী করতে প্রধানমন্ত্রীর কাছে লিখিত চিঠি পাঠানোর উদ্যোগ নিয়েছে।
সিটি করপোরেশন নির্বাচনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন ও কোষাধ্যক্ষ আবদুচ ছালামও প্রার্থী হতে আগ্রহী বলে জানা গেছে। গতকাল মহিউদ্দিন চৌধুরীর চশমা হিলের বাসায় মেজবান অনুষ্ঠান ও বিকেলের বর্ধিত সভায় আ জ ম নাছিরউদ্দিন উপস্থিত ছিলেন। তবে নগর আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম বিএসসি ও আফছারুল আমিন এবং কোষাধ্যক্ষ আবদুচ ছালাম মেজবান ও বর্ধিত সভায় অনুপস্থিত ছিলেন।
বৈঠক সূত্র জানায়, বুধবার (আজ) বিকেলে লালদীঘি ময়দানে ১৪ দলের সভা এবং পদযাত্রা কর্মসূচি সফল করা নিয়ে সভায় আলোচনা হয়। এ ছাড়া ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন এবং ২৬ মার্চ স্বাধীনতা দিবসের কর্মসূচি নিয়েও আলোচনা হয়েছে। নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন কর্মসূচি সফল করতে দলীয় নেতাদের নির্দেশ দেন।