সিডিএর চেয়ারম্যানকে সতর্ক করে আ.লীগের চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালামকে সতর্ক করে চিঠি দিয়েছে মহানগর আওয়ামী লীগ। সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে নিজেকে সম্ভাব্য প্রার্থী দাবি করে আগাম প্রচারণা চালানোর কারণে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিন গতকাল রোববার আবদুচ ছালামকে সতর্ক করে এই চিঠি দেন।
দলীয় সূত্র জানায়, ৪ ডিসেম্বর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় একাধিক সদস্য আবদুচ ছালামের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ তোলেন। সভায় বলা হয়, সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী কে হবেন, সেটা কেন্দ্র নির্ধারণ করবে। কিন্তু আবদুচ ছালাম নিজেকে সম্ভাব্য প্রার্থী দাবি করে পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে শৃঙ্খলা ভঙ্গ করেছেন। ওই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। বৈঠকে সাধারণ সম্পাদক আ জ ম নাছিরউদ্দিনসহ সংগঠনের নির্বাহী কমিটির নেতারা উপস্থিত ছিলেন। দারুল ফজলের দলীয় কার্যালয়ে সভাটি হয়েছিল।
আ জ ম নাছিরউদ্দিন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘৫ জানুয়ারির নির্বাচনের আগে কঠিন সময় পার করেছিল সংগঠন। কিন্তু মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ হওয়া সত্ত্বেও আবদুচ ছালাম দলীয় কোনো কর্মসূচিতে উপস্থিত ছিলেন না। এমনকি গত বছরের নভেম্বরে মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়, যেখানে আবদুচ ছালামকে আবার কোষাধ্যক্ষ করা হয়। ওই কমিটি ঘোষণার পরও তিনি নির্বাহী কমিটির সভাগুলোতে উপস্থিত হচ্ছেন না। এই অবস্থায় তিনি নিজেকে সিটি করপোরেশনের মেয়র প্রার্থী ঘোষণা করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাই তাঁকে সতর্ক করে চিঠি দেওয়া হয়েছে। এর পরও তিনি যদি শৃঙ্খলা ভঙ্গ করেন, তাহলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’
এ ব্যাপারে সিডিএর চেয়ারম্যান আবদুচ ছালাম মুঠোফোনে বলেন, ‘আমি এখন পর্যন্ত চিঠি পড়িনি। দলীয় শৃঙ্খলা ভঙ্গও করিনি। আমি যেসব বৈঠক করছি সেখানে সিডিএর উন্নয়নকাজ ছাড়া আর কিছু বলছি না। সাংগঠনিক বা দলীয় পরিচয় ব্যবহার করছি না। চিঠি পড়ার পর আমি এর জবাব দেব।’