সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান নিয়োগ ও মহাসচিব পদে সম্প্রতি যে পরিবর্তন করা হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ নেই বলে দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ তাঁর স্ত্রী রওশন এরশাদকে জানিয়েছেন।

গতকাল রোববার রওশনকে একটি চিঠির মাধ্যমে এরশাদ এ কথা জানান। এর আগের দিন রওশন এরশাদ গণমাধ্যমে এক বিবৃতিতে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছিলেন।

এ পরিপ্রেক্ষিতে এরশাদ গতকাল রওশনকে চিঠি দিয়ে বলেন, ‘আপনি পার্টির একজন শীর্ষ নেতা এবং সিনিয়র প্রেসিডিয়াম সদস্য হিসেবে পার্টির চেয়ারম্যানের কাছে কোনো বিষয়ে আবেদন, নিবেদন কিংবা বিবেচনার আহ্বান জানাতেই পারেন। সেটা আপনার সাংগঠনিক অধিকার। তবে পার্টির স্বার্থে বিবৃতিতে উল্লিখিত আপনার প্রস্তাবটি বিবেচনা করতে পারলাম না বলে দুঃখিত। আশা করি, আপনিও পার্টির সার্বিক অবস্থা বিবেচনা করবেন।’

এরশাদ এই চিঠির অনুলিপি গণমাধ্যমের কাছেও পাঠিয়েছেন। তাতে স্ত্রী রওশনকে ‘প্রিয় সহকর্মী’ সম্বোধন করে লিখেছেন, ‘মিডিয়ায় প্রেরিত আপনার একটি বিবৃতির প্রতি আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। সেখানে আপনি দুটি বিষয়ের ওপর আলোকপাত করেছেন। প্রথমত, সম্প্রতি পার্টিতে জি এম কাদেরকে কো-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান ও মহাসচিব পদে রদবদলের বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন। দ্বিতীয়ত, বিগত মহাসচিব জিয়াউদ্দিন বাবলু যে আপনাকে “ভারপ্রাপ্ত চেয়ারম্যান” হিসেবে ঘোষণা করেছেন, তা আপনি নাকচ করেছেন। দ্বিতীয় বিষয়ের “ভারপ্রাপ্ত চেয়ারম্যান” বিভ্রান্তি দূর করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রথম প্রসঙ্গের বিষয়টি আপনাকে স্পষ্ট করতে চাই। জি এম কাদেরকে পার্টির কো-চেয়ারম্যান করার ব্যাপারে আপনারও সম্মতি ছিল।’

চিঠিতে এরশাদ বলেন, ‘কো-চেয়ারম্যান জাতীয় পার্টির কোনো গঠনতান্ত্রিক পদ নয়। পার্টির চেয়ারম্যান হিসেবে সংগঠনের প্রয়োজনে আমি কোনো পদ সৃষ্টি বা কাউকে কোনো বিশেষ দায়িত্ব প্রদান করতে পারি। আমি গঠনতন্ত্রের বহির্ভূত কোনো সিদ্ধান্ত গ্রহণ করিনি।’

মহাসচিব পদে রদবদল প্রসঙ্গে এরশাদ লিখেছেন, ‘জিয়াউদ্দিন বাবলুকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে মহাসচিবের দায়িত্ব থেকে অব্যাহতি প্রদান করেছি। তিনি দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে মিডিয়ার কাছে আপনাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন। এটা ছিল দলকে বিভক্ত করার একটি ঘৃণ্য ষড়যন্ত্র। সে কারণে জনাব বাবলুকে যে ধারামতে মহাসচিব করা হয়েছিল, সেই ৩৯ ধারাতেই অব্যাহতি দেওয়া হয়েছে।’

চিঠিতে রওশনকে আশ্বস্ত করে এরশাদ লিখেছেন, ‘আপনি সংসদীয় দলের নেতৃত্বে আছেন, আমি পার্টির নেতৃত্বে আছি। আমাদের উভয়ের মিলিত প্রচেষ্টায় জাতীয় পার্টি আগামী দিনে এগিয়ে যাবে।’

এরশাদ গত রোববার তাঁর ভাই ও দলের সভাপতিমণ্ডলীর সদস্য জি এম কাদেরকে জাপার কো-চেয়ারম্যান ঘোষণা করেন। পরদিন দলের রওশনপন্থী নেতারা বৈঠক করে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। এর পরদিন মঙ্গলবার এরশাদ মহাসচিব পদ থেকে জিয়াউদ্দিন বাবলুকে অব্যাহতি দিয়ে রুহুল আমিন হাওলাদারকে মহাসচিব ঘোষণা দেন। এ নিয়ে দুই শিবিরে বিভক্ত দলটিতে নতুন করে অস্থিরতা সৃষ্টি হয়।