সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ছাত্র সংগঠনগুলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকার বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, তা প্রত্যাখ্যান করেছে ছাত্রসংগঠনগুলো। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি পক্ষ ও প্রগতিশীল ছাত্রজোট গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো পৃথক বিবৃতির মাধ্যমে এই সিদ্ধান্ত প্রত্যাহারেরও দাবি জানিয়েছে।
ক্যাম্পাসে রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের সিদ্ধান্তকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ষড়যন্ত্র এবং তাপস সরকারের খুনিদের বাঁচানোর চেষ্টা হিসেবে অভিযোগ করেছে ছাত্রলীগ।
তিনটি বাম ছাত্রসংগঠনের মোর্চা প্রগতিশীল ছাত্রজোট (সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশন) অভিযোগ করেছে, ছাত্র হত্যার পর শিক্ষার্থীদের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রফ্রন্টের সভাপতি প্রবাল মজুমদার বলেন, ‘রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করার পর আমরা বিভিন্ন সময় প্রশাসনের কাছে এটি প্রত্যাহারের দাবি জানিয়েছি। প্রশাসন শুনেনি। প্রশাসন এখন যখন এটি কঠোরভাবে বলবৎ রাখার সিদ্ধান্ত নিল, তখনই আমরা এর প্রতিবাদ করলাম। যত বড় খড়্গই আশুক না কেন, শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে আমরা আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাব।’
নিষেধাজ্ঞার বিষয়ে একই মত দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি রাশিদুল সামিরও।
ছাত্রলীগের সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’ পক্ষের নেতা অমিত কুমার বসু বলেন, তাপস হত্যার বিচারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা যখন অহিংস আন্দোলন চালিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল। এর মাধ্যমে মূলত তাপস হত্যার খুনিদের বাঁচানোর চেষ্টা চলছে। তিনি বলেন, ‘হঠকারী কোনো আইন মানতে আমরা বাধ্য নই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, আন্দোলনের নামে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনিষ্টকারী কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না।
গত ১৪ ডিসেম্বর ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে সংস্কৃত বিভাগের শিক্ষার্থী তাপস সরকারকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনার পর গত রোববার পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে ক্যাম্পাসে মিছিল, সভা-সমাবেশ, মানববন্ধনসহ সব ধরনের নাজনৈতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা বহাল থাকার কথা স্মরণ করিয়ে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। যদিও ২০০৮ সালের নভেম্বর মাস থেকেই ক্যাম্পাসে এ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে তা কার্যকর করা যায়নি।
প্রগতিশীল ছাত্রজোটের বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, অতীতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্লজ্জ দলবাজি, বিচারহীনতার সংস্কৃতি ও রাজনৈতিক-সাংস্কৃতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞাই আজকের ছাত্র হত্যার জন্য দায়ী। এতে বলা হয়েছে, ছাত্র হত্যার দায় থেকে হত্যাকারীদের দায়মুক্তি দিতে যখন রাজনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তখন ছাত্র হত্যার ঘটনা আরও উৎসাহিত হয়।
বিবৃতিতে ছাত্রলীগের সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ‘ক্যাম্পাস ছাত্রলীগ’ পক্ষ উল্লেখ করেছে, এই সিদ্ধান্তের মাধ্যমে সবার মনে প্রশ্ন জেগেছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন কি খুনি ও মদদদাতাদের কাছে জিম্মি? নাকি খুনিদের বাঁচাতেই এই আয়োজন, কিংবা খুনিদের ক্যাম্পাসে প্রবেশ করাতেই কি এই ষড়যন্ত্র?
ছাত্রলীগের ১৬ জন নেতা-কর্মীর স্বাক্ষরসহ ওই বিবৃতিতে বলা হয়, নিয়মতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে তাপস সরকার হত্যার বিচারের দাবিতে যখন দেশব্যাপী জনমত গড়ে উঠেছে, ঠিক তখনই প্রশাসন তা স্তব্ধ করে দিতে মরিয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ বলেন, ‘শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট যেকোনো বিষয়ে ছাত্রসংগঠনগুলো আমাদের সঙ্গে কথা বলতে পারে। তাদের দাবি ন্যায্য হলে আমরা অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করব।’
তাপস হত্যার বিচারপ্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সবকিছু করবে—এ বিষয়টি উল্লেখ করে প্রক্টর বলেন, ‘প্রয়োজনে তাপসের বিচার দ্রুত নিষ্পত্তি করতে আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করব।’