সিদ্ধিরগঞ্জে প্রার্থী চূড়ান্ত করতে আ.লীগের কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী চূড়ান্ত করতে কমিটি গঠন করেছে থানা আওয়ামী লীগ। গতকাল শনিবার দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক বর্ধিত সভায় এ আহ্বায়ক কমিটি গঠিত হয়।

দলীয় সূত্র জানায়, সিদ্ধিরগঞ্জের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন। এর ফলে আলোচনা সাপেক্ষে প্রার্থীদের মধ্যে সমঝোতা করে একজনকে চূড়ান্ত করতে চাইছে দল। এ লক্ষ্যে ছয় সদস্যবিশিষ্ট ওই আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রত্যেক ওয়ার্ডের তৃণমূল নেতা-কর্মীদের নিয়ে আলাপ-আলোচনা করে ৩ ডিসেম্বরের মধ্যে দল-সমর্থিত প্রার্থী চূড়ান্ত করার চেষ্টা চালাবে। সেটা ব্যর্থ হলে দলের শীর্ষ নেতাদের অবহিত করে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি, এমন কাউকে প্রার্থী করা হবে।

সিদ্ধিরগঞ্জের মিজমিজিতে থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমানের বাড়িতে গতকাল বিকেলে ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা।

সভায় থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুরকে কমিটির আহ্বায়ক ও সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়াকে সদস্যসচিব করা হয়। কমিটির সদস্যরা হলেন সহসভাপতি বাবুল আক্তার মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম
বাবু ও সিদ্ধিরগঞ্জ থানা শ্রমিক লীগের সভাপতি আবদুস ছামাদ ব্যাপারী।

এদিকে বর্ধিত সভার এ সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে চরম ক্ষোভ প্রকাশ করেছেন একাধিক নেতা। থানা আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ নেতা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ওই কমিটি গঠন নিয়ে সভায় হট্টগোল শুরু হলে অনেকে সভাস্থল থেকে চলে যান।