সিনেটের বিশেষ সভার আয়োজন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনে তিন সদস্যের প্যানেল মনোনীত করতে ডাকা সিনেটের বিশেষ সভার নোটিশের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. ফারুকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে গতকাল সোমবার রুলসহ এ আদেশ দেন।

২৯ জুলাই এই সভা হওয়ার কথা ছিল। উপাচার্য নিয়োগের জন্য তিন সদস্যের প্যানেল মনোনীত করতে সিনেটের বিশেষ সভা ডেকে ১৬ জুলাই সিনেট সদস্যদের চিঠি পাঠান রেজিস্ট্রার। তবে রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন ছাড়াই ওই সভা ডাকা হয়েছে উল্লেখ করে এর বৈধতা চ্যালেঞ্জ করে বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষকসহ ১৫ জন রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট গত রোববার রিটটি করেন, যা গতকাল শুনানির জন্য ওঠে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, সঙ্গে ছিলেন আইনজীবী মোস্তাফিজুর রহমান খান। বিশ্ববিদ্যালয়ের পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী এ এফ এম মেসবাহ উদ্দিন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।

রুলে আইনের বিধান অনুসারে সিনেট গঠন ছাড়া তিন সদস্যের প্যানেল মনোনীত করতে ২৯ জুলাই ডাকা বিশেষ সভার জন্য ১৬ জুলাই দেওয়া নোটিশ কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত নয় তা জানতে চাওয়া হয়েছে। যথাযথভাবে সিনেট গঠনের জন্য কেন নির্দেশ দেওয়া হবে না, সে বিষয়েও রুল হয়েছে বলে আবেদনকারী পক্ষ জানায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য (শিক্ষা), সহ-উপাচার্য (প্রশাসন), রেজিস্ট্রার ও শিক্ষাসচিবকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

পরে রিট আবেদনকারীদের আইনজীবী মোস্তাফিজুর রহমান খান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৪৪ হাজার রেজিস্ট্রার্ড গ্র্যাজুয়েট আছেন। তাঁদের ২৫ জন নির্বাচিত প্রতিনিধি সিনেটে থাকার কথা। অথচ এর আগে যাঁরা নির্বাচিত হন, তাঁদের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। এ মুহূর্তে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের কোনো প্রতিনিধি সিনেটে নেই। রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের প্রতিনিধি ছাড়া সিনেট যথাযথভাবে গঠিত নয়—এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত ওই আদেশ দেন।

রিট আবেদনকারীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মো. আবদুস সামাদ, অধ্যাপক সাদেকা হালিম, অধ্যাপক এ কে এম গোলাম রব্বানী, অধ্যাপক হারুনুর রশীদ খান, অধ্যাপক সীতেশ চন্দ্র বাছাড়, অধ্যাপক সৈয়দ মোহাম্মদ শামসুদ্দিন, অধ্যাপক সৈয়দ হুমায়ুন আক্তার, অধ্যাপক মো. আসাদুজ্জামান, অধ্যাপক এমরান কবীর চৌধুরী, অধ্যাপক কে এম সাইফুল আলম খান, সহযোগী অধ্যাপক মো. হুমায়ূন কবির, সহকারী অধ্যাপক মো. আবদুর রহিম রয়েছেন।