সিনেমার মতো যৌথ প্রযোজনায় চলছে বাংলাদেশ: গয়েশ্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ এখন ভারত ও বাংলাদেশের গোয়েন্দাদের যৌথ পরিচালনায় চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় যেমন সিনেমা বানানো হচ্ছে, তেমনি দুই দেশের যৌথ প্রযোজনায় আজ বাংলাদেশ চলছে।’

আজ শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন। জাতীয়তাবাদী প্রজন্ম ’৭১ নামের একটি সংগঠন এর আয়োজন করে।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘গণতন্ত্রের জন্য ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্ব অপরিহার্য ও গুরুত্বপূর্ণ। তাই আমরা আশা করব, বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য একটি বৃহৎ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে ভারত সে আচরণ করবে। তারা কোনো বিশেষ ব্যক্তি কিংবা দল নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করবে। বাংলাদেশের জনগণও সেটাই চায়।’

গয়েশ্বর রায় বলেন, সরকারের মন্ত্রী-এমপিরা আলোচনায় বসতে জামায়াতে ইসলামীকে বাদ দিতে বলেন। জামায়াতকে নিষিদ্ধ করলেই কিংবা ২০-দলীয় জোট থেকে বাদ দিলেই কি দেশের সব সমস্যার সমাধান হয়ে যাবে? তিনি বলেন, ‘সরকার কি গ্যারান্টি দিতে পারবে যে জামায়াত নিষিদ্ধ হলেই নির্বাচনে আর ভোট ডাকাতি হবে না, দেশে আইনের শাসন থাকবে, গুম-খুন হবে না, মানুষ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।’

গয়েশ্বর বলেন, ‘এখানে কোনো দল-ব্যক্তি বা গোষ্ঠী একমাত্র সমস্যা নয়। একটিমাত্র দল যদি দেশের সব সমস্যার কারণ হয়, দেশের জন্য ক্ষতিকর হয়, তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে সেই দলকে নিষিদ্ধ করব। কিন্তু দেশের সব সমস্যার সমাধান হতে হবে।’

আয়োজক সংগঠনের সভাপতি ঢালি আমিনুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য দেন জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, বিএনপির নেতা আবদুস সালাম আজাদ, জাতীয় পার্টির (জাফর) নেতা আহসান হাবিব প্রমুখ।