সিপিবি নেতা রুবেলকে তুলে নেওয়ার অভিযোগ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক সাজেদুল হক ওরফে রুবেলকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তাঁকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না, সে বিষয়ে পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সিপিবি সমর্থিত সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক খান আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, সোমবার রাত ১১টার দিকে পুলিশের তিনটি ভ্যান মিরপুর ১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকায় সাজেদুল হক ওরফে রুবেলের বাসার সামনে আসে। এরপর বাসায় ঢুকে তাঁকে নিয়ে যায়। সেখানে পোশাকধারী ও সাদা পোশাকের পুলিশ সদস্যরা ছিলেন। কিন্তু কাফরুল, ভাসানটেক ও মিরপুর মডেল থানায় যোগাযোগ করলে কেউ–ই তাঁকে তুলে আনার কথা স্বীকার করছেন না।
সাজেদুল হকের বিষয়ে জানতে চাইলে কাফরুল থানার ডিউটি অফিসার এসআই আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে এ ধরনের কোনো তথ্য নেই।’
ঘটনা সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে যুব ইউনিয়ন নেতা খান আসাদুজ্জামান বলেন, মিরপুর ১০ নম্বরে আইডিএস গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকেরা গত তিন দিন ধরে বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করছেন।
সেখানে বিভিন্ন সংগঠনের নেতারা গিয়ে সংহতি জানাচ্ছেন। সোমবার সকাল ১০টার দিকে শ্রমিকদের ওই বিক্ষোভে গিয়েছিলেন সাজেদুল হক।