সিপিবি-বাসদের বিক্ষোভ ২৬ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবন রক্ষার দাবিতে আগামী ২৬ নভেম্বর সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

আগামী ৩০ নভেম্বরের মধ্যে রামপালসহ সুন্দরবন ‘বিধ্বংসী’ প্রকল্প বাতিল না করলে ‘চল চল ঢাকা চল, সুন্দরবন রক্ষা কর’ কর্মসূচি ঘোষণা করবে দল দুটি।

আজ রোববার রাজধানীর মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ।

৩০ নভেম্বর প্যারিসে অনুষ্ঠেয় জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের আগেই রামপাল ও ওরিয়নের কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবি জানানো হয় লিখিত বক্তব্যে।

এ ছাড়া বিদ্যুৎ বিশেষজ্ঞ, পরিবেশ বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদদের মতামতের ভিত্তিতে বিদ্যুৎ উৎপাদনের দীর্ঘমেয়াদি পরিকল্পনারও দাবি জানানো হয়।

২৯ অক্টোবর ঢাকায় তেল-গ্যাস-খনিজসম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশ এবং ১৪ নভেম্বর ঢাকায় সুন্দরবন রক্ষা জাতীয় কনভেনশনে সমর্থন জানায় সিপিবি-বাসদ।

রামপাল বিদ্যুৎ প্রকল্প বন্ধের যৌক্তিকতা তুলে ধরে সংবাদ সম্মেলনে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ভারতের সুন্দরবন অংশে এ ধরনের একটি প্রকল্প করার কথা বলা হয়েছিল। কিন্তু সেখানকার বিশেষজ্ঞদের আপত্তির মুখে সেই প্রকল্প বাতিল করা হয়। তা হলে এখানে কেন এই প্রকল্প হবে।

সংবাদ সম্মেলনে সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, যুব ইউনিয়নের সভাপতি আব্দুল্লাহ আল ক্বাফী রতন প্রমুখ উপস্থিত ছিলেন।