সিপিবির একাদশ কংগ্রেস শুরু ২৮ অক্টোবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেস শুরু হবে ২৮ অক্টোবর। চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ২৮ অক্টোবর বেলা দুইটায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশ হবে। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে।

গতকাল মঙ্গলবার পুরানা পল্টনের মুক্তি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিপিবির নেতারা। দলটির দশম কংগ্রেস হয়েছিল ২০১২ সালের অক্টোবরে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৯ অক্টোবর সকাল সাড়ে নয়টায় গুলিস্তানের কাজী বশির মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) রুদ্ধদ্বার সাংগঠনিক অধিবেশন শুরু হবে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। শেষ অধিবেশনে আগামী চার বছরের জন্য কেন্দ্রীয় কমিটি ও ‘কন্ট্রোল কমিশন’ নির্বাচন এবং জাতীয় পরিষদ ঘোষণা করা হবে। ২৯ অক্টোবর বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবে ‘সাম্রাজ্যবাদ, নয়া উদারনীতিবাদ ও ধর্মীয় মৌলবাদ’-বিষয়ক আন্তর্জাতিক সেমিনার হবে। ১০টি দেশের ২৬ জন প্রতিনিধি কংগ্রেসে সংহতি জানাতে আসবেন। তাঁরা ওই সেমিনারে আলোচনা করবেন। ২৯ ও ৩০ অক্টোবর সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত মহানগর নাট্যমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।

কংগ্রেস উপলক্ষে সারা দেশে দলের সব শাখা, উপজেলা ও জেলা কমিটির সম্মেলন হয়েছে। এসব সম্মেলনে ৬৮৩ জন প্রতিনিধি নির্বাচিত হয়েছেন, যাঁদের মধ্যে ২১৭ জন নারী ও ১৭ জন ক্ষুদ্র জাতিসত্তার সদস্য। কংগ্রেসে যোগ দিতে ১০৮ জন পর্যবেক্ষক মনোনীত হয়েছেন। ৯৯ জন ‘ভেটারেন কমরেড’কে কংগ্রেসে যোগদানের জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। ৩০ অক্টোবর সন্ধ্যায় তাঁদের সংবর্ধনা দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন এবং আওয়ামী লীগ, বিএনপিকেন্দ্রিক দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বানে এবারের কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই স্লোগান ঠিক করা হয়েছে—‘সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা নিপাত যাক।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কংগ্রেস প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাজ্জাদ জহির চন্দন। সংবাদ সম্মেলন পরিচালনা করেন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অনিরুদ্ধ দাশ।