সিপিবির কংগ্রেস শুরু শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেস ২৮ থেকে ৩১ অক্টোবর ঢাকায় অনুষ্ঠিত হবে। আগামী শুক্রবার বেলা দুইটায় সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী সমাবেশের মাধ্যমে চার দিনব্যাপী দলটির এ কংগ্রেস শুরু হবে। ওই দিন লাল পতাকা নিয়ে দলটির নেতা-কর্মীরা রাজধানীতে শোভাযাত্রাও করবেন।

আজ মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে পার্টির কেন্দ্রীয় কার্যালয় মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে প্রস্তুতি কমিটির সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ বলেন, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন এবং আওয়ামী-বিএনপি কেন্দ্রিক দ্বিদলীয় মেরুকরণের বাইরে বাম-গণতান্ত্রিক বিকল্প গড়ে তোলার আহ্বানে এবারের কংগ্রেস অনুষ্ঠিত হতে যাচ্ছে। তাই স্লোগান ঠিক করা হয়েছে—‘সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাটতন্ত্র, গণতন্ত্রহীনতা নিপাত যাক’।

উদ্বোধনের পরদিন ২৯ অক্টোবর সকাল সাড়ে নয়টায় গুলিস্তানের কাজী বশীর মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) রুদ্ধদ্বার সাংগঠনিক অধিবেশন শুরু হবে এবং চলবে ৩১ অক্টোবর বিকেল পর্যন্ত। সেখানে আগামী চার বছরের জন্য কেন্দ্রীয় কমিটি গঠনসহ দলটির সাংগঠনিক বিষয়ে আলোচনা হবে।

লিখিত বক্তব্যে বলা হয়, ১০টি দেশ থেকে ২৬ জন প্রতিনিধি কংগ্রেসে সংহতি জানাতে উপস্থিত থাকবেন।

প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক অনিরুদ্ধ দাশের পরিচালনায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সাজ্জাদ জহির চন্দন। উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য শাহ আলম, আলতাফ হোসাইন, লক্ষ্মী চক্রবর্তী, আহসান হাবিব লাবলু, কেন্দ্রীয় নেতা মাহাবুবুল আলম, রুহিন হোসেন, ক্বাফি রতন, জলি তালুকদার প্রমুখ।