সিপিবির কংগ্রেসের উদ্বোধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চার দিনব্যাপী একাদশ কংগ্রেস শুরু হচ্ছে আজ শুক্রবার। রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলা দুইটায় কংগ্রেসের উদ্বোধন হবে। কংগ্রেসে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ব্রিটেন, জার্মানি, রাশিয়াসহ দশটি দেশ থেকে ২৬ জন প্রতিনিধি সংহতি জানাবেন।

দেশের বিভিন্ন স্থান থেকে সিপিবির নেতা-কর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের অনেকে কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন।

সিপিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পার্টির নেতা-কর্মীরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করেন। পার্টির নেতা কমরেড মণি সিংহ প্রবাসী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। কমিউনিস্ট পার্টি, ন্যাপ ও ছাত্র ইউনিয়নের সরাসরি পরিচালনায় একটি বিশেষ গেরিলা বাহিনী পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে। দেশ স্বাধীন হওয়ার পর পার্টির নতুন নাম হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। কমিউনিস্ট পার্টি ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামকে বরাবরই প্রাধান্য দিয়ে থাকে। এই সংগ্রামের লক্ষ্যে বাম প্রগতিশীল ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তির সমন্বয়ে সম্মিলিত আন্দোলন গড়ে তোলার জন্য পার্টি কাজ করে যাচ্ছে।

২০১২ সালে সিপিবির দশম কংগ্রেস হয়। এবার একাদশ কংগ্রেসে যোগ দিতে বিদেশি অতিথিদের বেশির ভাগই ঢাকায় এসে পৌঁছেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে দলটির নেতা-কর্মীসহ হাজার হাজার মানুষ লাল পতাকা নিয়ে সমাবেশে যোগ দেবেন।

শনিবার সকাল সাড়ে নয়টায় গুলিস্তানের কাজী বশীর মিলনায়তনে (মহানগর নাট্যমঞ্চ) রুদ্ধদ্বার সাংগঠনিক অধিবেশন শুরু হবে এবং চলবে ৩১ অক্টোবর বিকেল পর্যন্ত। এ ছাড়া শনিবার বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবে ‘সাম্রাজ্যবাদ, নয়া উদারনীতিবাদ ও ধর্মীয় মৌলবাদ’-বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার হবে। সেমিনারে কংগ্রেসে যোগদানকারী বিদেশি প্রতিনিধিরা আলোচনা করবেন।