সিপিবির গঠনতন্ত্রে বড় সংশোধনী গৃহীত হয়নি
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) একাদশ কংগ্রেসে গঠনতন্ত্রে কোনো বড় সংশোধনী গৃহীত হয়নি বলে জানিয়েছে দলটি। আজ সোমবার সকালে কংগ্রেসের চতুর্থ দিনে গঠনতন্ত্র সংশোধনবিষয়ক আলোচনা শেষ হয়। আজ বিকেলে মহানগর নাট্যমঞ্চে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সকালে ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর এবং মন্দিরে হামলা-ভাঙচুরের প্রতিবাদ ও নিন্দা জানিয়ে দিনের কার্যক্রম শুরু হয়। এ অধিবেশনে সভাপতিত্ব করেন দিবালোক সিংহ। এবারের গঠনতন্ত্রে কিছু ছোট সংশোধনী গৃহীত হয়। দলের ইংরেজি নাম গঠনতন্ত্রে সন্নিবেশিত করা হয়। এ ছাড়া পার্টির প্রেসিডিয়াম সদস্য হওয়ার ক্ষেত্রে সার্বক্ষণিক হওয়ার যে বাধ্যবাধকতা, তা শিথিল করার প্রস্তাব কংগ্রেস গ্রহণ করেনি।
সংবাদ সম্মেলনে বলা হয়েছে, সর্বোচ্চ ৪৯ জনের কেন্দ্রীয় কমিটি হবে। তবে কমিটিতে কারা কোন পদ পেয়েছেন, তা বলা হয়নি। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য হায়দার আকবর খান রনো ও মো. শাহ আলম।