সিপিবির না ওয়ার্কার্সের হ্যাঁ
স্থানীয় নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তের বিষয়ে বাম ঘরানার দলগুলো মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। সিপিবি ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সরকারের এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। অন্যদিকে ১৪ দলের শরিক ওয়ার্কার্স পার্টি এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর গতকাল এক বিবৃতিতে বলেন, এ পদক্ষেপ স্থানীয় সংস্থাগুলোকে দেশের লুটেরা ধনিকদের স্বার্থের কাছে বেশি করে বন্দী করবে। তাঁরা বলেন, এতে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণের পথে অগ্রগতির বদলে দেশের স্থানীয় সংস্থাগুলোকে আরও বেশি করে কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত হওয়ার সুযোগ করে দেবে।
ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এবং সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা গতকাল এক বিবৃতিতে বলেন, এই সিদ্ধান্ত স্থানীয় সরকারব্যবস্থাকে স্বাধীন ও গণতান্ত্রিক পন্থার দিকে অগ্রসরমাণ করবে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলেন, এ সিদ্ধান্তে তৃণমূলে দলীয়করণ ও দলবাজিকে আরও পাকাপোক্ত করবে।