একাদশ কংগ্রেস শেষে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শীর্ষ দুই পদে কোনো পরিবর্তন আসেনি। সভাপতি পদে মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক পদে সৈয়দ আবু জাফর আহমেদ পুনর্নির্বাচিত হয়েছেন।
গতকাল মঙ্গলবার বিকেলে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে ৪৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কংগ্রেসের মুখপাত্র সৈয়দ আবু জাফর আহমেদ, হায়দার আকবর খান রনো ও মো. শাহ আলম। তাঁরা ব্রাহ্মণবাড়িয়ার সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় নিন্দা জানান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সিপিবির একাদশ কংগ্রেস অনুষ্ঠিত হয়। শেষ দিনে আগামী ৪ বছরের জন্য নেতৃত্ব নির্বাচন করা হয়। ৫০৯ জন প্রতিনিধির ভোটে ৪৩ জন কেন্দ্রীয় কমিটির সদস্য নির্বাচিত হন। পরে আরও ছয়জনকে অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা হবে।
নতুন কমিটিতে সভাপতিমণ্ডলীর সদস্য হয়েছেন হায়দার আকবর খান রনো, মোহাম্মদ শাহ আলম, লক্ষ্মী চক্রবর্তী, সাজ্জাদ জহির চন্দন, রফিকুজ্জামান লায়েক, শাহীন রহমান, মিহির ঘোষ ও অনিরুদ্ধ দাস অঞ্জন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদাধিকার বলে সভাপতিমণ্ডলীর সদস্য।
কমিটির সদস্যরা হলেন মোহাম্মদ আলতাফ হোসাইন, শামছুজ্জামান সেলিম, আহসান হাবিব, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মণ্টু ঘোষ, মো. এনামুল হক, দিবালোক সিংহ, মাহাবুবুল আলম, রুহিন হোসেন, এ এন রাশেদা, এমদাদুল হক, মনিরা বেগম, আব্দুল কাদের, ফজলুর রহমান, এ কে আজাদ, শাহরিয়ার মো. ফিরোজ, ইসমাইল হোসেন, সোহেল আহমেদ, মাকছুদা আখতার, কাজী রুহুল আমিন, জলি তালুকদার, সাদেকুর রহমান, এস এ রশীদ, রাগিব আহসান, মনোজ দাশ, আব্দুল্লাহ আল কাফি, সাজেদুল হক, আমিনুল ফরিদ, মো. কিবরিয়া, হাসান তারিক চৌধুরী, আজহারুল ইসলাম ও লুনা নূর।
কেন্দ্রীয় কমিটির উপদেষ্টারা হলেন মঞ্জুরুল আহসান খান, সহিদুল্লাহ চৌধুরী, জসিমউদ্দিন মণ্ডল ও শাহাদাত হোসেন। এ ছাড়া কংগ্রেসে কন্ট্রোল কমিশন এবং ১৯৫ সদস্যবিশিষ্ট জাতীয় পরিষদ গঠন করা হয়েছে।