সিপিবির ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ৬৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ ৬ মার্চ। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার বিকেল চারটায় রাজধানীর মুক্তিভবনে আলোচনা সভার আয়োজন করেছে দলটি।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশের শ্রমিক, কৃষক, খেতমজুর, মেহনতি মানুষসহ সর্বস্তরের জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ। এ ছাড়া বিগত দিনে সংগঠনটির পতাকা সমুন্নত রাখতে গিয়ে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধা এবং অতীতে ও বর্তমানে যাঁরা বিভিন্নভাবে অবদান রেখেছেন, তাঁদের সবাইকে অভিনন্দন জানানো হয়েছে।
বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালের ৬ মার্চ ভারতবর্ষের কমিউনিস্ট পার্টির (সিপিআই) দ্বিতীয় কংগ্রেসে পৃথকভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তানের প্রতিনিধিরা ভিন্ন একটি অধিবেশনে মিলিত হয়ে স্বতন্ত্রভাবে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি ও পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি প্রতিষ্ঠা করেন। ১৯২৫ সালে সিপিআইয়ের প্রতিষ্ঠা হয়। স্বাধীনতার পর এর নাম হয় সিপিবি। বিজ্ঞপ্তি।