সিরাজগঞ্জ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি
প্রায় দুই বছর পর সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের ১৭২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষর করে এই কমিটির অনুমোদন দেন।
জেলা ছাত্রলীগ সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৬ মে সম্মেলনের মধ্য দিয়ে জাকিরুল ইসলামকে সভাপতি ও মো. একরামুল হককে সাধারণ সম্পাদক, শেখ খালিদ সাইফুল্লাহ ও ফিরোজ কবিরকে সহসভাপতি, সৌরভ তালুকদার ও আবদুল্লাহ নাহিদকে যুগ্ম সম্পাদক করে ছয় সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পরে একটি পূর্ণাঙ্গ কমিটি তৈরি করে কেন্দ্রীয় ছাত্রলীগ কমিটির কাছে অনুমোদনের জন্য পাঠানো হলে কেন্দ্রীয় ছাত্রলীগের পক্ষ থেকে গত মঙ্গলবার তা অনুমোদন করা হয়।
জাকিরুল ও একরামুল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা দীর্ঘ সময় নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা, যাচাই-বাছাই করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য কাজ করেছি। পূর্ণাঙ্গ কমিটিতে “পরিচ্ছন্ন ইমেজের” প্রকৃত ছাত্রদের প্রাধান্য দেওয়া হয়েছে। এই কমিটিতে প্রকৃত ছাত্ররা স্থান পেয়েছে। কোনো অছাত্র বা বিতর্কিত কাউকে কমিটিতে স্থান দেওয়া হয়নি।’