সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গত সোমবার ঈদ জামাতের পর আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আর গতকাল বুধবার কামারখন্দ উপজেলায় দলের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক কলেজছাত্র।
এ ছাড়া ফেনীতে গত মঙ্গলবার প্রতিপক্ষের লোকজন যুবলীগের এক কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
উল্লাপাড়ায় ঈদের দিন নিহত সাফিউল ইসলাম ওরফে লালন (২৬) পোশাকশ্রমিক ছিলেন। তিনি নলসন্ধা ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেনের চাচাতো ভাই।
স্থানীয় ব্যক্তিরা বলেন, নলসন্ধা গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে তোফাজ্জল হোসেনের সঙ্গে একই গ্রামের যুবলীগের নেতা ইউপি সদস্য মশিউল আজম ওরফে বকুলের দ্বন্দ্ব আছে। এর জের ধরে সোমবার সকাল ১০টার দিকে ঈদ জামাতের পর দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। ঘণ্টাখানেকের সংঘর্ষে উভয় পক্ষের ১৭ জন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকা, সিরাজগঞ্জ, বগুড়া ও উল্লাপাড়ায় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তোফাজ্জলের চাচাতো ভাই সাফিউল ইসলাম ও ঢাকায় কর্মরত খায়রুল ইসলামকে (২৫) গুরুতর আহত অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়। সাফিউল চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা যান। খায়রুল ইসলামকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক।
তোফাজ্জল হোসেন অভিযোগ করেন, ‘প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়ে আমাদের লোকজনকে হত্যা করেছে। তারা পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটিয়েছে।’
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির ভাই রেজাউল করিম মামলা করেছেন। আসামি মশিউলকে গ্রেপ্তার করা হয়েছে।
এদিকে গতকাল বেলা একটার দিকে কামারখন্দ উপজেলায় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। নিহত ফরিদুল ইসলাম (২৫) পাইকোশা গ্রামের বাসিন্দা এবং সিরাজগঞ্জ সরকারি কলেজের স্নাতক¯ বিভাগের ছাত্র।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগের এক নেতা নেতা-কর্মীদের বকশিশ হিসেবে টাকা দেন। এই টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে গত শনিবার কামারখন্দ উপজেলার বাগবাড়ি গ্রামের যুবলীগের নেতা বাবুর সঙ্গে পাইকোশা গ্রামের আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ আলীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোহাম্মদ আলীকে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনার জের ধরে গতকাল বুধবার বাগবাটি গ্রামের লোকজন পাইকোশা বাজারে হামলা চালান। এ সময় স্থানীয় নেতা-কর্মীরা পাল্টা হামলা চালালে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় পাঠানোর পথে বিকেল সাড়ে পাঁচটার দিকে ফরিদুল মারা যান।
কামারখন্দ থানার ওসি বাসুদেব সিনহা জানান, পুনরায় সংঘর্ষ এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জেলা যুবলীগের সভাপতি মঈনুদ্দিন খান বলেন, কামারখন্দের ঘটনার সঙ্গে যুবলীগের কোনো সংশ্লিষ্টতা নেই। মূলত দুই গ্রামের মধ্যে পূর্বশত্রুতার জের ধরে সংঘর্ষ হয়েছে।
ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামে মঙ্গলবার প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন যুবলীগের কর্মী রেজাউল করিম (৩৫)। এই হত্যাকাণ্ডের প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে ধর্মপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) কার্যালয়ে হামলা ও ভাঙচুর করেন
প্রতিপক্ষের নেতা-কর্মীরা। এ সময় ইউপির কার্যালয় থেকে আসবাব বের করে এনে তাতে আগুন ধরিয়ে দেওয়া হয়।
হত্যাকাণ্ড ও সংঘর্ষের জন্য ধর্মপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান শাখাওয়াত হোসেন এবং সাবেক চেয়ারম্যান আজাহারুল হক একে অন্যের অনুসারীদের দায়ী করেছেন। নিহত রেজাউল সাবেক চেয়ারম্যান আজাহারুলের অনুসারী ছিলেন। আজাহারুল ফেনী জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক। এ ছাড়া তিনি সাবেক সাংসদ জয়নাল হাজারীর অনুসারী। তিনি হাজারীর ‘ক্লাস কমিটি’র (সাংসদ থাকার সময় অনুগতদের নিয়ে হাজারীর নিজস্ব বাহিনী) ক্যাপ্টেন ছিলেন। অপরদিকে ধর্মপুর ইউপির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফেনীর বর্তমান সাংসদ নিজাম উদ্দিন হাজারীর সমর্থক হিসেবে পরিচিত।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে ধর্মপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের একটি বিদ্যালয়ের মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করেন আজাহারুল হকের সমর্থকেরা। কিন্তু শান্তিশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কায় ওই বিদ্যালয়ের আশপাশের এলাকায় সেদিন ১৪৪ ধারা জারি করা হয়। যে কারণে অনুষ্ঠান হতে পারেনি। রাত দুইটায় আজাহারুলের সমর্থক ও যুবলীগের কর্মী রেজাউল করিমকে প্রতিপক্ষের লোকজন রাস্তা থেকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে মঠবাড়িয়া ভূঞা পুকুরপাড়ে ফেলে রেখে যান। আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে পুলিশের সহায়তায় ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন। গতকাল সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত রেজাউল মঠবাড়িয়ার পাশের গ্রাম পদুয়ার বাসিন্দা।
রেজাউলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গতকাল দুপুরে ধর্মপুর ইউপি কার্যালয়ের দরজা-জানালা ভাঙচুর করেন ক্ষুব্ধ নেতা-কর্মীরা। এ সময় কার্যালয়ের আসবাব বাইরে এনে তাতে আগুন ধরিয়ে দেন তাঁরা। এ ছাড়া ইউনিয়নের আমতলী বাজারে দুটি দোকান ও একটি বাড়িতে ভাঙচুর চালানো হয় বলে পুলিশ জানায়। হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জেলা তাঁতী লীগের সাবেক সভাপতি সালাহ উদ্দিনকে (৪৫) ইউপি কার্যালয়ের সামনে থেকে দুটি বিদেশি পিস্তল, ছয়টি গুলিসহ গ্রেপ্তার করে পুলিশ। একই এলাকা থেকে বিকেলে আরও দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
ধর্মপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাহারুল হক অভিযোগ করেন, মঙ্গলবার মধ্যরাতে পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালায়। এ সময় পুলিশের উপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন রেজাউল করিমকে ধরে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।
বর্তমান চেয়ারম্যান শাখাওয়াত হোসেন বলেন, নিহত রেজাউল হত্যাসহ চারটি মামলার পলাতক আসামি। রাতের অন্ধকারে কারা তাঁকে মেরেছে, তা তিনি জানেন না। গতকাল দুপুরে ভাঙচুরের সময় তিনি কার্যালয়ে ছিলেন না। এ ঘটনার জন্য আজাহারুল হকের সমর্থকেরা দায়ী বলে তিনি অভিযোগ করেন।
ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদ খান চৌধুরী বলেন, হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে রেজাউলের খুনের ঘটনায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কেউ থানায় মামলা করেনি।