সিরাজের প্রার্থী হওয়ার ইচ্ছায় মিশ্র প্রতিক্রিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ (মহানগর-সদর) আসন থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। ২২ মার্চ সিলেট বিভাগীয় প্রতিনিধি সমাবেশে নিজের এই ইচ্ছার কথা ব্যক্ত করেন এই নেতা।

এই আসনের বর্তমান সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। মিসবাহ প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার সময় সমাবেশ মঞ্চেই ছিলেন অর্থমন্ত্রী। এই ঘোষণার সময় ‘সংসদে দেখতে চাই’ ব্যানার উঁচিয়ে মিসবাহকে সমর্থন জানান তাঁর সমর্থকেরা। প্রবীণ একজন নেতার সামনে তাঁরই আসনে এভাবে প্রার্থিতা ঘোষণায় সিলেট আওয়ামী লীগে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

সিলেট বিভাগীয় তৃণমূল সমাবেশে মিসবাহ বলেছিলেন, ‘আমি জীবনেও জনপ্রতিনিধি হতে পারিনি। যেহেতু আমাদের সুযোগ্য অর্থমন্ত্রীর বয়স হয়েছে, তিনি অবসর নেবেন। আজ যখন সুযোগ এসেছে, আমি আপনাদের সহায়তা পেলে দলের সভানেত্রী প্রধানমন্ত্রীর কাছে সিলেট-১ আসনে প্রার্থী হওয়ার আবেদন জানাতে চাই।’

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান প্রথম আলোকে বলেন, ‘একজন বর্ষীয়ান নেতার সামনে তাঁর আসনে এভাবে প্রার্থিতা ঘোষণা করা আমরা ইতিবাচকভাবে দেখছি না। এটা তাঁর (মিসবাহ) ব্যক্তিগত মতামত।’

অন্যদিকে নগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শামসুল ইসলাম বলছেন, সিলেট আওয়ামী লীগে মিসবাহউদ্দিন সিরাজই একমাত্র নেতা; যিনি তৃণমূল থেকে এখন কেন্দ্রের নেতৃত্বে আসীন। সুতরাং তাঁর এই চাওয়া রাজনৈতিকসুলভ নয়, এটা ভাবার অবকাশ নেই। এটাই রাজনৈতিক বাস্তবতা।

সিলেট-১ আসনটি নিয়ে একধরনের কথা চালু আছে। গত প্রায় পাঁচটি নির্বাচনের ফলাফলে দেখা গেছে, এই আসনে যে দলের প্রার্থী জেতেন, সেই দলই ক্ষমতায় যায়। ১৯৯১ সালে বিএনপির প্রার্থী প্রয়াত খন্দকার আবদুল মালিক সাংসদ হয়েছিলেন। ওই বছর সরকার গঠন করেছিল বিএনপি। ’৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী জিতেছিলেন। তখন আওয়ামী লীগের নেতৃত্বে ঐকমত্যের সরকার গঠন হয়। ২০০১ সালে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান জয়ী হন। বিএনপির নেতৃত্বে তখন চারদলীয় জোট সরকার গঠন করে। ২০০৮-এর নির্বাচনে জয়ী হন আবুল মাল আবদুল মুহিত; সরকার গঠন করে আওয়ামী লীগ। ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বর্তমান অর্থমন্ত্রী।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবুল মাল আবদুল মুহিত আর প্রার্থী হচ্ছেন না—এ কথা তাঁর মুখ থেকে বিভিন্ন সময় শোনা গেছে। প্রায় দুই বছর ধরে সিলেটে অর্থমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় তাঁর ছোট ভাই জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনকে অংশ নিতে দেখা গেছে। আগামী নির্বাচনে মুহিত প্রার্থী না হলে মোমেন প্রার্থী হচ্ছেন—এ রকম প্রচারও আছে সিলেটে। এ অবস্থায় তৃণমূলের সমাবেশে মিসবাহউদ্দিন সিরাজের ঘোষণা আওয়ামী লীগে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

মিসবাহউদ্দিন আওয়ামী লীগের তৃণমূল থেকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক পদে আসীন হওয়া সিলেট অঞ্চলের একমাত্র নেতা। ১৯৭৭ সালে ছাত্রলীগের মধ্য দিয়ে রাজনীতির হাতেখড়ি। জেলা আওয়ামী লীগের শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদের মাধ্যমে মূল দলের নেতৃত্বে আসেন তিনি। স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় একনাগাড়ে সাত বছর জেল খাটেন। ২০০২ সালে সিলেট মহানগর প্রতিষ্ঠার পর দুই মেয়াদে ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। ২০০৪ সালে সিলেটের গুলশান সেন্টারে হরকাতুল জিহাদের (হুজি) জঙ্গি হামলায় তিনি আহত হয়েছিলেন। ২০০৯ সাল থেকে পরপর তিন মেয়াদে তিনি সাংগঠনিক সম্পাদক পদে আছেন।

তাঁর ঘোষণা দলে বিভক্তি বা বিরোধের শঙ্কা তৈরি করবে কি না, জানতে চাইলে মিসবাহউদ্দিন সিরাজ বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনমুখী দল। নির্বাচন, প্রার্থিতা নিয়ে দ্বন্দ্ব থাকতে পারে। তবে ভোট দেওয়ার বেলায় নেতা-কর্মী-সমর্থকেরা নৌকার পক্ষেই থাকেন। এটা অতীতে প্রমাণিত। তবে আমার প্রার্থিতার পেছনে তৃণমূলের প্রতিনিধিদের অকুণ্ঠ সমর্থন রয়েছে। এটা এখন নয়, সময় হলেই দেখা যাবে।’