সিলেটের নগর বিএনপির দুটি অংশের কোন্দল প্রকাশ্য হয়ে উঠেছে। একটি অংশ সংবাদ সম্মেলন করে আহ্বায়ক কমিটি বাতিলের দাবি জানিয়েছে। গতকাল শনিবার দুপুরে নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের ভাতালিয়ার বাসায় ‘তৃণমূল নেতা-কর্মী’ ব্যানারে এই সংবাদ সম্মেলন করা হয়।
দলীয় সূত্রে জানা গেছে, সিলেট নগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার পর গত বছরের ৮ নভেম্বর পুরোনো কমিটি ভেঙে দেওয়া হয়। ওই দিন শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক ও বদরুজ্জামান সেলিমকে সদস্যসচিব করে ৩৩ সদস্যের নতুন কমিটি ঘোষণা করা হয়। এই দুই নেতাই প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত। অপর অংশটি বিএনপির ‘নিখোঁজ’ নেতা এম ইলিয়াস আলীর অনুসারী।
কমিটিতে থাকা কয়েকজন নেতার সঙ্গে আলাপ করে জানা গেছে, নতুন কমিটিকে তিন মাসের মধ্যে নগরের ২৭টি ওয়ার্ডের কমিটি গঠন করে সম্মেলন করতে কেন্দ্রের নির্দেশনা ছিল। কিন্তু রাজনৈতিক পরিস্থিতি প্রতিকূল থাকার কারণে তা সম্ভব হয়নি। আহ্বায়ক শাহরিয়ার ও সদস্যসচিব সেলিমকে প্রায় তিন মাস কারাভোগ করতে হয়। সম্প্রতি তাঁরা মুক্তি পেয়ে ওয়ার্ড কমিটি গঠনের তৎপরতা শুরু করেন। এরপর বিএনপির তৃণমূল থেকে একটি পক্ষ সক্রিয় হয়ে ওঠে। এক মাস ধরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতির পর গতকাল দুপুরে এই সংবাদ সম্মেলন করা হলো।
নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল কাইয়ূম জালালীর বাসায় সংবাদ সম্মেলন হলেও তিনি উপস্থিত ছিলেন না। সম্মেলনে ‘তৃণমূল’ বিএনপির পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন নগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. কামাল মিয়া। তিনি বলেন, গত বছরের ৮ নভেম্বর কেন্দ্রীয় নেতাদের ভুল বুঝিয়ে কিছু সুবিধাভোগী দালালকে দিয়ে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। মহানগর বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির বেশির ভাগ নেতা বিএনপির দুঃসময়ে দালালি করে নিজেদের রক্ষার পাশাপাশি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। সম্প্রতি এই আহ্বায়ক কমিটি ঘোষিত ২৭টি ওয়ার্ড কমিটি অবৈধ দাবি করে সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গঠনতন্ত্র অনুযায়ী ওয়ার্ড কমিটি গঠনের এখতিয়ার আহ্বায়ক কমিটির নেই। মহানগর বিএনপি মহানগরের ছয়টি থানা কমিটি গঠন করবে। থানা কমিটি ঘোষণা করবে ওয়ার্ড কমিটি। কিন্তু বর্তমান আহ্বায়ক কমিটি গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে ওয়ার্ড কমিটির নামে ‘পকেট কমিটি’ করছে। এ পরিস্থিতিতে তৃণমূলের নেতা-কর্মীরা ২৩টি ওয়ার্ডের নতুন কমিটি গঠন করতে বাধ্য হয়েছেন।
বক্তব্য জানতে গতকাল বিকেলে নগর বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের মুঠোফোনে একাধিকবার ফোন করেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। তবে নাম প্রকাশ না করার শর্তে আহ্বায়ক কমিটির এক সদস্য বলেন, সার্বিক পরিস্থিতির কারণে সংগঠন এখন নিষ্ক্রিয়। তা কাটাতে কেন্দ্রের নির্দেশে আহ্বায়ক কমিটি ২৭টি ওয়ার্ডের একটি খসড়া কমিটি গঠন করেছে। এসব কমিটিতে স্থান না পাওয়াদের নিয়ে একটি পক্ষ পুরোনো বিভক্তির সূত্র ধরে নতুন করে বিভক্তি সৃষ্টির চেষ্টা করছে।