সিলেট নগর বিএনপির ছয়টি থানা কমিটি বিলুপ্ত
সিলেট মহানগর বিএনপির ছয়টি থানা কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত শনিবার রাতে সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়।
একই সঙ্গে থানা এলাকার সাংগঠনিক সীমানা নতুন করে নির্ধারণেরও সিদ্ধান্ত হয়েছে। শহরের একটি রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই সভায় আহ্বায়ক কমিটির ২৪ জন উপস্থিত ছিলেন।
সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব বদরুজ্জামান সেলিম জানিয়েছেন, থানার সাংগঠনিক সীমানা নির্ধারণের জন্য পাঁচ সদস্যের উপকমিটি গঠন করা হয়েছে। তাঁরা আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করবেন। এরপর ছয়টি থানায় নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।
মহানগর কমিটি মেয়াদোর্ত্তীণ হওয়ায় গত ৮ নভেম্বর কেন্দ্র থেকে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। এতে ২০০৯ সালে নগর বিএনপির আহ্বায়কের দায়িত্বে থাকা শাহরিয়ার হোসেন চৌধুরীকে আবারও আহ্বায়ক করা হয়। এ ছাড়া নগর কমিটির সাবেক সহসভাপতি বদরুজ্জামান সেলিমকে সদস্যসচিব করা হয়েছে।