সিলেট নগরে কাল আধা বেলা হরতাল
সিলেটে ব্যবসায়ী করিম বক্স মামুনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কাল বুধবার নগরে আধা বেলা হরতাল ডেকেছে জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদ। গত রোববার রাতে সংগঠনটি জরুরি সভায় এই হরতাল ডাকার সিদ্ধান্ত নেয়।
সভার পর রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার ভোর ছয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত হরতাল আহ্বানের বিষয়টি জানানো হয়।
১৬ আগস্ট নগরের জিন্দাবাজার এলাকায় মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সহসভাপতি সুলেমান চৌধুরী ব্যবসায়ী মামুনকে ছুরিকাঘাত করেন। পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মামুন মারা যান। সিসিটিভিতে ছুরিকাঘাতের দৃশ্য দেখে এ ঘটনায় ছাত্রলীগের নেতা সুলেমানসহ তিনজনকে আসামি করে মামুনের বাবা আনোয়ার বক্স বাদী হয়ে মামলা করেন। পরে মামলাটি গোয়েন্দা পুলিশে স্থানান্তর করা হয়। কিন্তু ছাত্রলীগের নেতা সুলেমান গ্রেপ্তার হননি।
ঘটনার প্রায় দুই সপ্তাহ পরও আসামি গ্রেপ্তার না হওয়ায় হরতাল আহ্বান করা হয়েছে বলে প্রথম আলোকে জানিয়েছেন ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মো. নাজমুল হক।