সিলেট-১ আসনে প্রার্থিতা প্রশ্নে অর্থমন্ত্রী বললেন, 'আমি আছি'
আগামী জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসন থেকে পুনরায় নির্বাচন করবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আজ শুক্রবার দুপুরে সিলেট সদর উপজেলা পরিষদে চা-শ্রমিকদের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী নির্বাচনে প্রার্থিতার কথা ‘আমি আছি’ বলে নিশ্চিত করেন।
আগামী নির্বাচনে প্রার্থী হবেন কি না, সাংবাদিকদের এ রকম সরাসরি প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আমি আছি! তবে দাঁড়াব কি না, সেটা পরে দেখা যাবে!’ তাহলে আগামী নির্বাচনে আপনার অংশগ্রহণের ব্যাপারে কতটুকু আশা করা যায়? এ প্রশ্নে তিনি বলেন, ‘শতভাগ আশাবাদ আছে।’
জাতীয় নির্বাচনে সিলেট-১ (মহানগর ও সদর) আসন বিশেষ মর্যাদার বলে সমাদৃত। এ আসন নিয়ে গত প্রায় পাঁচটি নির্বাচনী ফলাফল নিয়ে একধরনের মিথ প্রচলিত রয়েছে। এ আসনে যে দলের প্রার্থী জেতেন, সেই দলই ক্ষমতায় যায়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচন থেকে এমন মিথ প্রচলিত হওয়ার কারণে রাজনৈতিক দলগুলোর কাছে সিলেট-১ আসন বিশেষ মর্যাদাপূর্ণ।
গত প্রায় দুই যুগে পাঁচটি জাতীয় নির্বাচনের ফলাফলে দেখা গেছে, ১৯৯১ সালে এ আসনে নির্বাচন করে বিএনপির প্রার্থী প্রয়াত খন্দকার আবদুল মালিক সাংসদ হয়েছিলেন। ওই বছর সরকার গঠন করেছিল বিএনপি। ১৯৯৬ সালে আওয়ামী লীগের প্রার্থী প্রয়াত স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী জিতেছিলেন। তখন আওয়ামী লীগের নেতৃত্বে ঐকমত্যের সরকার গঠন হয়। ২০০১ সালে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান জয়ী হন। বিএনপির নেতৃত্বে চারদলীয় জোট সরকার গঠন করে। ওই নির্বাচনে প্রথম প্রার্থী হয়ে সাইফুরের সঙ্গে হেরেছিলেন বর্তমান সাংসদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ২০০৮ নির্বাচনে তিনি জয়ী হন, আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার গঠন করে। ২০১৩ সালে অবশ্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন মুহিত।
আগামী জাতীয় নির্বাচনে আবুল মাল আবদুল মুহিত আর প্রার্থী হচ্ছেন না—এ কথা তাঁর মুখ থেকে বিভিন্ন সময় বলতে শোনা গেছে। প্রায় দুই বছর ধরে সিলেটে অর্থমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় অংশ নিতে দেখা গেছে তাঁর ছোট ভাই জাতিসংঘে সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেনকে। আগামী নির্বাচনে মুহিত প্রার্থী না হলে মোমেন প্রার্থী হচ্ছেন—এ রকম প্রচারণাও রয়েছে সিলেটে।
এ অবস্থায় গত ২২ মার্চ তৃণমূলের সমাবেশে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের উপস্থিতিতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ সিলেট-১ আসনে প্রার্থিতা ঘোষণা করেন। তৃণমূলের সমাবেশে অর্থমন্ত্রীও উপস্থিত ছিলেন। তাঁর উপস্থিতিতে মিসবাহ সিরাজের প্রার্থিতা ঘোষণার পর থেকে অর্থমন্ত্রীর মুখ থেকে আর নির্বাচন করবেন না—এ রকম কথা শোনা যায়নি। তৃণমূল সমাবেশের প্রায় আড়াই মাসের মাথায় জাতীয় নির্বাচনে প্রার্থিতা নিয়ে সরাসরি প্রশ্নে অর্থমন্ত্রী ‘আমি আছি’ বলে অবস্থান স্পষ্ট করলেন।