সিলেট-৩ আসনে প্রার্থী হতে চান মিসবাহউদ্দিন
আওয়ামী লীগের সভানেত্রীর অনুমতি পেলে সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ) আসনে প্রার্থী হতে চান দলটির সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। গত সোমবার রাতে ফেঞ্চুগঞ্জে জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান ও সদস্য এ জেড রওশন জেবিন রুবাকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন বক্তার মুখ থেকে সরকারদলীয় স্থানীয় সাংসদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
সংবর্ধনায় মিসবাহ প্রধান অতিথি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বিশেষ অতিথি ছিলেন। এ আসনের বর্তমান সাংসদ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মাহমুদ-উস সামাদ চৌধুরী।
বক্তৃতায় মিসবাহউদ্দিন সিরাজ বলেন, ‘আপনাদের দুঃখ, ক্ষোভ শুনে আমি মর্মাহত হয়েছি। আপনারা আমাকে সিলেট-৩ আসনে প্রার্থী হিসেবে চাচ্ছেন। আমাদের দলনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে অনুমতি দিলে আমি আপনাদের নিয়ে নির্বাচন করব।’
মিসবাহউদ্দিন সিরাজ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে আছেন। পাশাপাশি তিনি সিলেটের সরকারি কৌঁসুলির দায়িত্ব পালন করছেন। আগামী জাতীয় নির্বাচনে সিলেটের যেকোনো একটি আসন থেকে নির্বাচন করার আগ্রহের বিষয়টি তিনি বিভিন্ন সভা-সমাবেশে প্রকাশ করছেন। তবে কোন আসনে নির্বাচন করতে চান, এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি।
সংবর্ধনার আয়োজক ছিল ফেঞ্চুগঞ্জ মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চ। উপজেলার ডাকবাংলোতে এই সংবর্ধনা অনুষ্ঠান হয়। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সভাপতি এস এম বদরুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি শাহ মুজিবুর রহমান ফেঞ্চুগঞ্জের রাস্তাঘাটের দুরবস্থা তুলে ধরে বলেন, ফেঞ্চুগঞ্জকে আফ্রিকা বানিয়ে রাখা হয়েছে। ভবিষ্যতে সঠিক ব্যক্তি না পেলে সিলেট-৩ আসনে নির্বাচন বয়কট করা হবে।
এ বক্তব্যের রেশ ধরে অন্য বক্তারা ফেঞ্চুগঞ্জ উন্নয়নবঞ্চিত থাকা এবং ভবিষ্যতে যোগ্য ব্যক্তিকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার আহ্বান জানান। সভায় বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান ফকরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, ফেঞ্চুগঞ্জ বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন মঞ্চের সাংগঠনিক সম্পাদক শিব্বির আহমেদ প্রমুখ।