সিলেটে আ.লীগের জনসভা স্থগিত
সিলেটে আওয়ামী লীগের জনসভা স্থগিত করা হয়েছে। আগামী বুধবার ওই জনসভা হওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই জনসভায় ভাষণ দেওয়ার কথা ছিল। জেলা পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণার কারণে ওই সভা স্থগিত করা হয়েছে।
ওই দিন জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ দেওয়া ছাড়াও বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করার কথা ছিল।
আজ রোববার বিকেলে জনসভাসহ প্রধানমন্ত্রীর সিলেট সফর স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। তিনি বলেন, আগামী ২৮ ডিসেম্বর সারা দেশে অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন হবে—এ কারণে এই জনসভা স্থগিত করা হয়েছে।
আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলের পর প্রথম জনসভা ছিল এটি। সিলেটের জনসভা প্রধানমন্ত্রী জাতীয় নির্বাচনী প্রচারণা শুরু করবেন—এমন কথা বলেছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। আজ রোববার দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতও সিলেটে জনসভাস্থল পরিদর্শন করে এ কথা বলেছিলেন।