সিলেটে আ.লীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন আজ
সিলেট বিভাগের চার জেলার তৃণমূল নেতাদের নিয়ে আজ বুধবার সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে আওয়ামী লীগের বিভাগীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সভাপতিমণ্ডলীর সদস্য শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কেন্দ্রীয় নেতারা সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে।
আওয়ামী লীগ সূত্র জানায়, ২০০১ সালে জাতীয় নির্বাচনের পর প্রথম বিভাগীয় সম্মেলন হয়েছিল। প্রায় ১৫ বছর বিরতি দিয়ে দ্বিতীয় বিভাগীয় সম্মেলন আয়োজনের পেছনে রয়েছে ৬ মার্চ সিলেটের ওসমানীনগর ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল। এ দুই নির্বাচনে আওয়ামী লীগে দুজন বিদ্রোহী প্রার্থী থাকায় দুই উপজেলায় বিএনপি প্রার্থী জয়লাভ করেন। তবে দুই উপজেলায় দুই বিদ্রোহী প্রার্থীর পাওয়া ভোট ও নৌকার ভোট মিলিয়ে দেখা গেছে, বিজয়ী প্রার্থীর প্রায় দ্বিগুণ ভোট। এ হিসেবে তৃণমূলের নেতা-কর্মীদের মতামত হচ্ছে, নির্বাচনে দলে বিদ্রোহ পরিস্থিতি সামাল না দিতে পারলে যেকোনো নির্বাচনে এ রকম ফলাফলের মধ্য দিয়ে দলের ভরাডুবি ঘটবে।
সর্বশেষ সিলেটের এ দুটি নির্বাচনী ফলাফলকে মাথায় নিয়ে জেলা ও নগর আওয়ামী লীগ ৯ মার্চ জরুরি সভা করে বিভাগীয় প্রতিনিধি সম্মেলনের দিনক্ষণ চূড়ান্ত করে। গত সোমবার সর্বশেষ প্রস্তুতি দেখে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফও সম্মেলনের পেছনে দলকে নির্বাচনমুখী করে ঐক্য স্থাপনকে মুখ্য উদ্দেশ্য বলে জানিয়েছেন। গত সোমবার দুপুরে তিনি সম্মেলনস্থল পরিদর্শন করে সাংবাদিকদের বলেন, তৃণমূল নেতা-কর্মীদের সমস্যা জানা ও তা সমাধান করে কেন্দ্রের আরও কাছাকাছি নিয়ে আসাই হচ্ছে সম্মেলনের মূল উদ্দেশ্য। আগামী জাতীয় নির্বাচনের আগে এ রকম সম্মেলন প্রতিটি বিভাগীয় শহরে করা হবে বলে জানান তিনি।
এদিকে বিভাগীয় প্রতিনিধি সম্মেলন উপলক্ষে সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ সুসজ্জিত করা হয়েছে। প্রবেশমুখে সিলেট বিভাগের আওয়ামী লীগের প্রয়াত নেতাদের ছবিসংবলিত স্মারক স্থাপন করা হয়েছে। পাশাপাশি আওয়ামী লীগের শাসনামলের বিভিন্ন পদক্ষেপ, সাফল্যগাথার ফেস্টুন প্রদর্শন করা হয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ প্রথম আলোকে জানান, চার জেলা থেকে ১০ হাজার প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন।