সিলেটে আওয়ামী লীগের 'কর্মিসভা' নিয়ে প্রশ্ন
সিলেটের তিন পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পাঁচজন। দল-মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে বিদ্রোহীরা প্রচারও চালাচ্ছেন। এই পরিস্থিতিতে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের আগামীকাল মঙ্গলবার ডাকা ‘কর্মিসভা’ নিয়ে প্রশ্ন উঠেছে।
দলের পক্ষ থেকে বলা হচ্ছে, দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরের প্রস্তুতির জন্যই এই সভা। তবে দলেরই একাধিক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আলোচ্যসূচিতে পৌরসভা নির্বাচন প্রসঙ্গ না থাকলেও এ বিষয়টি আলোচিত হবে। দলের বিদ্রোহ প্রশমন কীভাবে করা যায় তাও আলোচনায় স্থান পাবে। হঠাৎ করে এ কর্মিসভার আয়োজন করা হয়েছে বলে স্বীকার করেন এসব নেতা। এ ধরনের সভা আহ্বানে শঙ্কিত বিরোধী দল এবং নাগরিক সংগঠনগুলো। তাদের কথা, সভায় দলীয় সাংসদ ও মন্ত্রীরা উপস্থিত থেকে নির্দেশনা দেবেন। এটা নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন।
৩০ ডিসেম্বর পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে গোলাপগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা শাখার প্রচার সম্পাদক ও বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলু, জকিগঞ্জে ৩ নম্বর ওয়ার্ডের সদস্য খলিল উদ্দিন এবং কানাইঘাটে উপজেলা শাখার আহ্বায়ক ও বর্তমান মেয়র লুৎফুর রহমান।
দলীয় প্রার্থীদের বিরোধিতা করে গোলাপগঞ্জে উপজেলা যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী ও যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম ওরফে রাবেল; জকিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ফারুক আহমদ এবং কানাইঘাটে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন আল মিজান ও আওয়ামী লীগ নেতা মো. সিরাজুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে গতকাল রোববার মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন বিদ্রোহী প্রার্থীদের মধ্যে জকিগঞ্জের ফারুক আহমদ ও কানাইঘাটের মো. সিরাজুল ইসলামের মনোনয়ন বাতিল হয়েছে বলে সংশ্লিষ্ট উপজেলার নির্বাচন কর্মকর্তারা নিশ্চিত করেছেন।
জেলা আওয়ামী লীগের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, বিদ্রোহীদের অনুরোধ করে বসাতে না পারলে দলীয় প্রার্থীদের বিজয় কঠিনই হবে। দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিতের পাশাপাশি বিদ্রোহীদের দমাতে কী পদক্ষেপ নেওয়া হবে, সেসব বিষয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে কর্মিসভায়।
আগামীকাল বেলা ১১টায় নগরের রিকাবীবাজার এলাকার কবি কাজী নজরুল অডিটোরিয়ামে এ কর্মিসভা অনুষ্ঠিত হবে। এ কর্মিসভা দলীয় নেতা-কর্মীদের মধ্যে ‘নির্বাচনী কর্মিসভা’ হিসেবেই অভিহিত হচ্ছে।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ অনুযায়ী, ‘প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তাহার পক্ষে অর্থ, অস্ত্র ও পেশিশক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাইবে না।’
কর্মিসভা আহ্বানকে ‘স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত’ করার উদ্যোগ হিসেবে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, কর্মিসভায় মন্ত্রী ও সাংসদেরা উপস্থিত থাকবেন। দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে তাঁদের উপস্থিতিতে অবশ্যই কর্মীদের দিকনির্দেশনাও দেওয়া হবে। এটি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের একটি কৌশলী পন্থা। এ ছাড়া নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী পৌর নির্বাচনে মন্ত্রী ও সাংসদের কোনো প্রার্থীর পক্ষে কিংবা কর্মী-সমর্থকদের দিকনির্দেশনা দেওয়ারও কোনো সুযোগ নেই।
বিএনপির জ্যেষ্ঠ আহ্বায়ক দিলদার হোসেন সেলিম বলেন, ‘নির্বাচনী আচরণবিধির বিষয়টি মাথায় রেখেই কর্মিসভায় পৌরসভা নির্বাচন নিয়ে আলোচনার বিষয়টি সরকারদলীয় নেতারা গোপন রাখছেন। নির্বাচনের আগ মুহূর্তে কর্মিসভা আহ্বানকে আমরা মোটেই ইতিবাচকভাবে দেখছি না। এতে অবশ্যই পৌর নির্বাচনে প্রভাব পড়বে। এটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করবে।’
তবে কর্মিসভা আহ্বানকারী সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরান ও জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী জানান, এ কর্মিসভা নির্বাচন নয়, আগামী ৭ জানুয়ারি সিলেটে দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর উপলক্ষে। নির্বাচনী পরিবেশে এ নিয়ে প্রশ্ন ওঠার বিষয়ে কামরান প্রথম আলোকে বলেন, ‘নিয়মিত কর্মিসভার অংশ হিসেবেই এ কর্মিসভা আহ্বান করা হয়েছে। সেখানে দলীয় কর্মকাণ্ড চাঙা ও গতিশীল করতে অর্থমন্ত্রী কর্মীদের উদ্দেশে ভাষণ দেবেন। প্রাসঙ্গিক বিবেচনায় পৌরসভা নির্বাচন নিয়ে কেউ আলোচনা করবেন কি না, সেটি আগে থেকে বলা যাচ্ছে না।’
এ ব্যাপারে সিলেটের জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘যেহেতু পৌরসভার বাইরে এই কর্মিসভা হচ্ছে, তাই এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করতে চাই না। পৌরসভার ভেতরে এমন কোনো সভা হলে আমরা দেখতে পারতাম।’