সিলেটে ইভিএমে আ.লীগের প্রার্থী হেরেছে, এরপরও কেন বিএনপির আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে  ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) দাবি নতুন নয়। নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে দলীয় সংলাপে আমরা তথ্য-উপাত্ত দিয়ে ইভিএম  দিয়ে ভোট গ্রহণের যুক্তি তুলে ধরেছিলাম। সিটি করপোরেশন নির্বাচনেও কিছু কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হয়েছে। ইভিএমে সিলেট সিটি করপোরেশনের দুটি কেন্দ্রেও ভোট গ্রহণ হয়েছে। ওই দুটি কেন্দ্রে আওয়ামী লীগের মেয়র প্রার্থী পরাজিত হয়েছেন। এরপরও বিএনপির আপত্তি কেন।

আজ বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরের তালতলা এলাকার রেজিস্টারি মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নগর ও জেলা আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার ১৪ বছর পর তিনি এখন এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার চেয়েছেন। হত্যা করার উদ্দেশ্য নিয়ে হামলা চালিয়ে এখন ১৪ বছর পর বিচার চাইছেন। হামলার সব আলামত সে সময় নষ্ট করা হয়েছিল। বিভিন্ন সংস্থা তদন্ত করতে চাইলেও সেটি তদন্ত করতে দেওয়া হয়নি।

ওবায়দুল কাদের বলেন, যত চক্রান্ত-ষড়যন্ত্র করা হোক না কেন ২০০১ সালের পুনরাবৃত্তি হবে না। ষড়যন্ত্রমূলক নির্বাচনের আয়োজন করে ১০টার আগে ভোট  শেষ করা এমন নির্বাচন আর হবে না। চক্রান্ত করে চোরাগলি দিয়ে ক্ষমতা দখলের চেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। সংলাপের প্রসঙ্গ টেনে ২০১৪ সালের নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে অশ্রাব্য ও নোংরা ভাষা ব্যবহার করেছেন, তা জনগণ জানে। তিনি বলেন, খালেদা জিয়ার ছেলের মৃত্যুর খবর শুনে প্রধানমন্ত্রী সান্ত্বনা দিতে তাঁর ঘরে গিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রীর সামনে দরজা বন্ধ করে দিয়েছিলেন খালেদা জিয়া। সেদিনই সংলাপের দরজাও বন্ধ হয়ে গেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, দেশ তথ্যপ্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ইভিএমের মাধ্যমে জাতীয় নির্বাচনেও ভোট গ্রহণ হবে। দেশকে পিছিয়ে দিতে এর বিরুদ্ধে কথা বলা শুরু করেছে একটি পক্ষ। তাদের লক্ষ্য একটাই, নির্বাচন বানচাল করা। কারণ তাদের শীর্ষ নেত্রী (বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া) চুরির মামলায় কারাগারে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে পালিয়ে আছেন।

আলোচনা সভায় নগর আ.লীগের সভাপতি বদরউদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিনের যৌথ সঞ্চালনায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালেক মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, আহমদ হোসেন, মিসবাহ উদ্দিন সিরাজ, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান প্রমুখ।