>• সিটি নির্বাচনে গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন
• বিএনপির বদরুজ্জামান ও জামায়াতের জুবায়ের প্রার্থিতা প্রত্যাহার করেননি
• এক জোটে দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর বিষয়টি এখন সিলেটে বেশ আলোচিত
• সরকারি দল অনেকটা নির্ভার
শেষ পর্যন্ত নাটকীয় কিছু ঘটেনি। সিলেটে মেয়র পদে কোনো প্রার্থীই মনোনয়নপত্র প্রত্যাহার করেননি। ফলে বিএনপির প্রার্থীকে আওয়ামী লীগের পাশাপাশি নিজের জোটের দুজন ‘বিদ্রোহী’ প্রার্থীকে মোকাবিলা করতে হবে। এ অবস্থায় সরকারি দলকে অনেকটা নির্ভার থাকতে দেখা গেছে।
সিটি নির্বাচনে গতকাল ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। বিএনপি আশা করছিল, শেষ মুহূর্তে নগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম ও নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের প্রার্থিতা প্রত্যাহার করবেন। এ নিয়ে কৌতূহল ছিল রাজনৈতিক অঙ্গনেও। কিন্তু সে রকম কিছু হয়নি।
রিটার্নিং কর্মকর্তা মো. আলিমুজ্জামান জানিয়েছেন, সিলেটে এখন মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারীর সংখ্যা দাঁড়াল ৭। প্রার্থীরা হলেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান, বিএনপির আরিফুল হক চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী বিএনপির বদরুজ্জামান সেলিম, স্বতন্ত্র প্রার্থী নগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়ের, সিপিবি-বাসদের প্রার্থী আবু জাফর, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান ও স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের। মনোনয়নপত্র দাখিল করেছিলেন নয়জন। বাছাইয়ে বাদ পড়েছেন দুজন। আজ মঙ্গলবার প্রার্থীদের প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় সরব হয়ে উঠবে নগর।
এক জোটেই দুই ‘বিদ্রোহী’ প্রার্থীর বিষয়টি এখন সিলেটে বেশ আলোচিত। এই দুজনের প্রার্থিতার পেছনে সরকারদলীয় যোগসাজশ থাকতে পারে বলে মনে করছেন বিএনপির স্থানীয় নেতারা। এ বিষয়ে তাঁরা এখনই প্রকাশ্যে কিছু বলতে চাইছেন না।
বর্তমান সরকারের আমলে জামায়াত ও তাদের ছাত্র সংগঠন সিলেট শহরে নির্বিঘ্নে কোনো কর্মসূচি করতে পারেনি। কিন্তু নির্বাচনের মাসখানেক আগে থেকেই জামায়াতকে সক্রিয় দেখা যায়। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও আত্মগোপনে থাকা জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানকে নির্বাচন উপলক্ষে প্রকাশ্যে দেখা গেছে। স্থানীয় বিএনপি নেতারা ধারণা করছেন, এখানে সরকারি দল বা প্রশাসনের সঙ্গে জামায়াতের গোপন আঁতাত হলেও হতে পারে। অবশ্য আঁতাতের কথা অস্বীকার করেছেন জামায়াতের প্রার্থী জুবায়ের। তিনি বলেন, ‘রাজনৈতিক কারণে প্রার্থী হয়েছি। জোট থেকে আমরা তিন সিটির একটি চেয়েছিলাম। কিন্তু পাইনি। এ জন্য প্রার্থী হয়েছি।’
সরকারি দলের যোগসাজশ থাকার অভিযোগ উড়িয়ে দিয়েছেন কামরানের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজও। তিনি প্রথম আলোকে বলেন, আওয়ামী লীগ বিষয়টিকে বিএনপি বা ২০-দলীয় জোটের অন্তঃকলহ হিসেবে দেখছে। আর প্রতিপক্ষ দলে একাধিক প্রার্থী থাকায় স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থায় আছে।
নির্বাচন পর্যবেক্ষকেরা বলছেন, বিগত নির্বাচনে আরিফুল হকের কাছে কামরানের ধরাশায়ী হওয়া ছিল আলোচিত বিষয়। কামরান টানা দুই মেয়াদে মেয়র ছিলেন। তাঁর দল ক্ষমতাসীন থাকার পরও নগরের প্রত্যাশিত উন্নয়ন না হওয়া ছিল পরাজয়ের পেছনের কারণ। আরিফুল হকের নির্বাচনী প্রচারণায় তখন ‘পরিবর্তন’ স্লোগান জনপ্রিয়তা পায়। এবার দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় জাতীয় ও দলীয় বিভিন্ন বিষয় আলোচনায় আসতে পারে।
বিএনপির ওয়ার্ড পর্যায়ের কয়েকজন নেতা বলেন, আরিফুল হক ‘পরিবর্তন’ আওয়াজ তুলে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়েছিলেন। এরপর নগরে ব্যাপক উন্নয়নকাজ করে প্রশংসিতও হয়েছেন। আবার মেয়র থাকাবস্থায় দুটি মামলায় প্রায় আড়াই বছর জেল খেটে সহানুভূতিও অর্জন করেছেন। এসব কারণে বিএনপি মনে করে, আরিফুলের জয়ের সম্ভাবনা শতভাগ। কিন্তু এখন জোটের দুই ‘বিদ্রোহী’ প্রার্থী থাকায় পুরো হিসাবকে জটিল করে তুলেছে।
বিদ্রোহী প্রার্থী বদরুজ্জামান সেলিমকে কাল কোনো তৎপরতা চালাতে দেখা যায়নি। তবে জামায়াতের এহসানুল মাহবুব জুবায়ের মতবিনিময় সভার মাধ্যমে প্রচারণা অব্যাহত রেখেছেন। তিনি বলেন, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জনতার বিজয় নিশ্চিত করতে জামায়াতের সব স্তরের জনশক্তিকে সতর্ক থাকতে হবে। মানুষ যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে যেতে পারে, সেদিকে সবাইকে নজর দিতে হবে।
প্রচারণার কৌশল বদলাবেন আরিফ
দলে ও জোটে দুজন বিদ্রোহী প্রার্থী থাকায় বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক নির্বাচনী প্রচারণার কৌশলও বদলাবেন বলে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন। তাঁরা বলছেন, বিদ্রোহী প্রার্থী থাকলেও আরিফুল হকই আওয়ামী লীগের মূল প্রতিদ্বন্দ্বী। দলীয় প্রচারণার পাশাপাশি আরিফুল হকের ব্যক্তি ভাবমূর্তিকে কাজে লাগিয়ে দলনিরপেক্ষ নাগরিকদের পক্ষে টানার কৌশলও নেওয়া হবে।
এ বিষয়ে গতকাল আরিফুল হক চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আমার হাতে আমার দলের প্রতীক। এর সম্মান রক্ষার একমাত্র মাধ্যম হচ্ছে নির্বাচনে জয়ী হওয়া। আমি সব রকমের অঙ্ক কষে এখন আগের চেয়ে আরও বেশি আশাবাদী।’ কী রকম, এমন প্রশ্নে তিনি বলেন, ‘সবকিছু এখনই খোলাসা করতে চাই না। প্রাথমিকভাবে কিছু কৌশল নিয়েছি এবং সেগুলোর প্রয়োগ কাল থেকে শুরু করব। এই কৌশল হচ্ছে দলীয় মার্কা ধানের শীষ ঘিরে। গত পাঁচ বছর নিরবচ্ছিন্ন দায়িত্ব পালন কেন বাধাগ্রস্ত হয়েছিল, সেই বিষয়গুলো সামনে রেখে ভোটারদের কাছে বিচার চেয়ে ভোট প্রার্থনা করব।’
সিলেট পৌরসভা থেকে সিটি করপোরেশনে রূপান্তরিত হয় ২০০২ সালে। সিটি করপোরেশনের প্রথম নির্বাচন হয় ২০০৩ সালে। এ নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী নগর বিএনপির তৎকালীন সভাপতি এম এ হককে হারিয়ে প্রথম মেয়র হয়েছিলেন আওয়ামী লীগের বদরউদ্দিন আহমদ কামরান। ২০০৮ সালে দ্বিতীয় নির্বাচনেও কামরান মেয়র নির্বাচিত হন। ২০১৩ সালের নির্বাচনে আরিফুল হকের কাছে হেরে যান কামরান।