সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন অন্তত ১০ নেতা। তাঁদের মধ্যে সবচেয়ে প্রবীণ নেতা জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানকে মনোনয়ন দেওয়ায় থেমে যায় প্রার্থিতার তোড়জোড়। কিন্তু শেষ পর্যন্ত স্বতন্ত্র একজনের প্রার্থিতায় লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে আওয়ামী লীগকে। তিনি এনামুল হক সর্দার। বিএনপিবিহীন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ায় এক ধরনের ‘সন্ত্রস্ত’ ভাব লক্ষণীয় হয়ে উঠছে দলে।
শিক্ষাবিদ ও ব্যবসায়ী উদ্যোক্তা এনামুল হক সর্দার গত বুধবার মনোনয়নপত্র দাখিল করেন। বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন লুৎফুর রহমানসহ স্বতন্ত্র আরও দুজনের মনোনয়নপত্র জমা পড়েছে।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, চেয়ারম্যান পদে মোট ৪ জন ও সদস্য পদে ১৪৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সিলেটে ১ হাজার ৩৪৩ জন ভোটার রয়েছেন বলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় জানিয়েছে।
মনোনয়নপত্র দাখিলের পর শহরতলির সাতটি ইউনিয়ন পরিষদ, সিটি করপোরেশন ও পৌরসভার ১৯ জন জনপ্রতিনিধির (ভোটার) সঙ্গে যোগাযোগ করলে তাঁরা এক বাক্যে জানান, সর্দার থাকলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোট হবে। ক্ষমতাসীন দলের প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হওয়ার প্রেক্ষাপটে শেষ পর্যন্ত সুষ্ঠু ভোট হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেন জনপ্রতিনিধিরা।
এনামুল হক সর্দার একটি বেসরকারি কলেজের অধ্যক্ষ পদে রয়েছেন। শহরে ও গ্রামে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। সিলেট নগরের মেন্দিবাগ এলাকায় গার্ডেন টাওয়ার নামের অ্যাপার্টমেন্ট ব্যবসার প্রতিষ্ঠাতা দ্য ম্যান অ্যান্ড কোম্পানিরও তিনি চেয়ারম্যান। শিক্ষাবিদ ও ব্যবসায়ী উদ্যোক্তা হিসেবে পরিচিত হলেও ছাত্রজীবনে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় তিনি আওয়ামী লীগ ঘরানার হিসেবে পরিচিত। অপর স্বতন্ত্র প্রার্থী জিয়াউদ্দিন লালা ১৯৭২ সালে বৃহত্তর সিলেটের ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। তিনি ‘নাগরিক কমিটি’ সমর্থিত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। স্বতন্ত্র অপর প্রার্থী ফখরুল অন্য প্রার্থীদের তুলনায় রাজনৈতিক অঙ্গনে অপরিচিত মুখ।
লুৎফুর রহমান সিলেটের রাজনৈতিক অঙ্গনে বর্ষীয়ান একজন নেতা। প্রাদেশিক পরিষদের সদস্য ছিলেন। জেলা কমিটির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক আবদুজ জহির চৌধুরী মারা যাওয়ায় ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর জেলা পরিষদের প্রশাসকের দায়িত্বও তাঁর ওপর বর্তায়। প্রবীণ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির লুৎফুর রহমানকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করতে আওয়ামী লীগের একটি পক্ষ প্রায় এক সপ্তাহ ধরে চেষ্টায় ছিল।
আওয়ামী লীগের নেতারা জানান, মনোনয়নপত্র দাখিলের আগ পর্যন্ত লুৎফুর রহমানকে একক প্রার্থী করার চেষ্টা চলছিল। কিন্তু শেষ পর্যন্ত এনামুল হক সর্দার মনোনয়নপত্র দাখিল করায় এ চেষ্টা সফল হয়নি। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন।
গত বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের পর জরুরি সভায় লুৎফুর রহমানের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ। একক প্রার্থীর চেষ্টার বিষয়ে তিনি বলেন, এটা আনুষ্ঠানিক কিছু নয়। আওয়ামী লীগও চায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন।
যোগাযোগ করলে এনামুল হক সর্দার মনোনয়নপত্র দাখিলের আগে থেকেই তাঁকে নিয়ে কিছু অপপ্রচার হয়েছে বলে অভিযোগ করেন। সরে দাঁড়ানো বা সমঝোতার কোনো চাপ আছে কি না—এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে তিনি বলেন, ‘নির্বাচন শুরুর প্রায় এক মাস আগে থেকেই শহর থেকে গ্রামের জনপ্রতিনিধিদের সঙ্গে একান্তে কথাবার্তা বলে আমি প্রার্থিতা ঘোষণা করেছি। সরে দাঁড়ানোর প্রশ্নই আসে না।’