সিলেটে কৃষকনেতা জামালের মুক্তির দাবিতে সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট মহানগরের বিমানবন্দর থানা-পুলিশের হাতে কথিত ডাকাতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি সিলেট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মো. জামাল মিয়ার মুক্তির দাবিতে গতকাল মঙ্গলবার বিকেলে নগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সংগঠনটি।

সমাবেশ থেকে কৃষকনেতা জামালের মুক্তিসহ শহরতলির কালাগুল চা-বাগান এলাকার আশপাশে সংঘবদ্ধ ভূমিখেকো চক্রের তৎপরতা ও পুলিশি হয়রানি বন্ধের দাবি জানানো হয়।

কৃষকনেতা জামাল মিয়াকে গত ২২ জুলাই কালাগুলের মাখরখলা গ্রাম থেকে আটক করে বিমানবন্দর থানা-পুলিশ। পরে তাঁকে ডাকাতিসহ ১৩টি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। আদালতে তাঁর পক্ষে জামিন আবেদন করা হলে সম্প্রতি শুনানি শেষে ১৩ মামলার মধ্যে ১১টিতে জামিন মঞ্জুর হয়। বাকি দুটি মামলার জামিন শুনানি না হওয়ায় জামাল বর্তমানে কারাবন্দী রয়েছেন।

জামাল কৃষকনেতা ছাড়াও মালনীছড়া রাবার চা-শ্রমিক ও কালাগুল চা-শ্রমিক আন্দোলনের একজন সংগঠক। তাঁকে গ্রেপ্তারের পরপরই মালনীছড়া, কালাগুলসহ মাখরখলা গ্রামে এলাকাবাসী কয়েক দফা বিক্ষোভ করেছেন। গতকাল কৃষক সংগ্রাম সমিতি জেলা শাখার উদ্যোগে নগরে বিক্ষোভ মিছিল শেষে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ হয়।

সমাবেশে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের (এনডিএফ) জেলা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম, রমজান আলী, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, জাতীয় ছাত্রদল শাহজালাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি শাহদাত হোসেন বক্তব্য দেন।