সিলেটে ছাত্রধর্মঘট স্থগিত, নতুন কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট সরকারি কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী তানিম খান হত্যার প্রতিবাদে ছাত্রলীগের ডাকা অনির্দিষ্টকালের ছাত্রধর্মঘট স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে ধর্মঘট স্থগিত করে টানা তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

নিহত ছাত্রলীগ কর্মী তানিম খান
নিহত ছাত্রলীগ কর্মী তানিম খান

জেলা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির যুগ্ম সম্পাদক সঞ্জয় চৌধুরী প্রথম আলোকে বলেন, তিন দিনের মধ্যে তানিমের খুনিরা গ্রেপ্তার না হলে টানা কর্মসূচি ঘোষণা করা হবে।

গত রোববার রাতে অতর্কিত ছুরিকাঘাতে নিহত হন তানিম। ছাত্রলীগের একটি পক্ষ এ ঘটনা ঘটিয়েছে দাবি করে খুনি গ্রেপ্তার না হওয়া পর্যন্ত সিলেটের সব শিক্ষাপ্রতিষ্ঠান ছাত্রধর্মঘটের ডাক দেয় ছাত্রলীগ। গতকাল সোমবার ধর্মঘটের প্রথম দিন অতিবাহিত হয়। আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মঘট চলার পর বেলা একটার দিকে তা স্থগিত করে তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে থাকছে আগামীকাল বুধবার সকালে এমসি কলেজ ও সিলেট সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, দ্বিতীয় দিন বৃহস্পতিবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন এবং তৃতীয় দিন শুক্রবার বাদ জুমা হজরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে মিলাদ মাহফিল।

৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে টিলাগড়ে দুই পক্ষের সংঘর্ষের জের ধরে রোববার রাতে নগরের টিলাগড়ে খুন হন তানিম খান। তানিমের বাড়ি সিলেটের ওসমানীনগরের বরুঙ্গা গ্রামে। এ ঘটনায় মামলা না হলেও পুলিশ সন্দেহভাজন তিনজনকে আটক করে খুনি শনাক্ত করার চেষ্টা করছে।