সিলেটে নগর বিএনপির আহ্বায়ক কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বিএনপির জেলা কমিটির পর এবার মহানগর কমিটি ভেঙে ৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি কেন্দ্র থেকে ঘোষণা করা হয়েছে। গতকাল শনিবার বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আহ্বায়ক কমিটি অনুমোদন করেন।
কমিটি ঘোষণার খবর পেয়ে বিএনপির একাংশের নেতা-কর্মীরা ঝাড়ু হাতে মিছিল নিয়ে নগরের জিন্দাবাজার এলাকায় আসেন। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে তাঁদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পুলিশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে এবং তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
যোগাযোগ করা হলে সিলেট নগর বিএনপির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি এম এ হক বিষয়টি নিশ্চিত করেন। তবে এ-সংক্রান্ত কোনো কাগজপত্র তাঁদের কাছে পৌঁছায়নি বলে জানান।
আহ্বায়ক কমিটিতে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীসহ ৩৩ জনকে সদস্য রাখা হয়েছে।