ঢাকার পথে প্রধানমন্ত্রী, ব্যাপক সংবর্ধনার আয়োজন
সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে বহনকারী বিমানটি রওনা হয়। এর আগে সিলেটের ওসমানী বিমানবন্দরে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময়ের পর বিমানবন্দরে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন আহমেদ কামরান বলেন, প্রধানমন্ত্রী তাঁদের বলেছেন, বাংলাদেশ বিশ্বের কাছে সম্মানজনক অবস্থায় রয়েছে। সেই মুহূর্তে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়ে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টর চেষ্টা করছে। তবে সরকার সেসব কঠোর হস্তে মোকাবিলা করছে।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০ তম অধিবেশনে যোগদান শেষে বেলা সাড়ে ১১টায় দেশে পৌঁছেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সিলেটের ওসমানী বিমানবন্দরে মহানগর আওয়ামী লীগের সভাপতি বদরউদ্দিন কামরান, সাধারণ সম্পাদক আসাদউদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান, সাংসদ মাহমুদ সামাদ চৌধুরী, আমাতুল কিবরিয়া, কেয়া চৌধুরী, সাংসদ ইমরান আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহম্মেদ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
এদিকে, জাতিসংঘের পরিবেশ বিষয়ক সর্বোচ্চ পুরস্কার ‘চ্যাম্পিয়ন অব দ্য আর্থ’ পাওয়ায় ঢাকায় প্রধানমন্ত্রীকে ব্যাপক সংবর্ধনা দেওয়ার আয়োজন করেছে আওয়ামী লীগ। বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত সড়কের পাশে দাঁড়িয়ে দল ও তার সহযোগী সংগঠনের নেতা কর্মীরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাবেন। এরই মধ্যে আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে বিমানবন্দর সড়কে জড়ো হতে শুরু করেছেন।
জাতিসংঘের ৭০ তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে যান। সেখান থেকে লন্ডন হয়ে দেশে ফিরলেন তিনি।